শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে। এর আগে আজ সকাল পৌনে ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। সাতক্ষীরার সংখ্যালঘুদের বাড়িতে লুটপাট ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীদের অধিকাংশই ছিলেন জগন্নাথ হলের শিক্ষার্থী।এ সময় শাহবাগ পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করা চেষ্টা করে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কিছু দাবি জানান। তাঁদের দাবিগুলো হচ্ছে—ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, সারা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং এই দাবি পূরণে সরকারকে সক্রিয় ভূমিকা পালন করা।কর্তৃপক্ষের আশ্বাসে বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। শিক্ষার্থীদের প্রতিনিধিরা স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করবেন।অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেহপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। ওই নাটকে ইসলাম ধর্মকে কটাক্ষ করা হয়েছে—এমন অভিযোগ এনে কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের কর্মীরা স্থানীয় হিন্দুদের কয়েকটি বাড়িতে লুটপাট ও তাদের ওপর নির্যাতন চালায়।একই অভিযোগে গতকাল বুধবার রাতেও প্রায় এক ঘণ্টা শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।