শাহবাগে সংহতি জানাতে কলকাতার ২১ জন বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের আন্দোলনে সংহতি জানাতে কলকাতার ২১ সদস্যের একটি সাইক্লিস্ট দল বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে তাঁরা পৌঁছান।বন্ধুত্বের অকৃত্রিম নিদর্শন হিসেবে প্রত্যেকের সাইকেলের এক হাতলে বিশেষভাবে টানানো আছে বাংলাদেশের পতাকা। আর অন্য হাতলে রয়েছে ভারতের জাতীয় পতাকা।সাইক্লিস্ট দলের দলনেতা ও কলকাতার বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার মিহির দাস বলেন, কাল তাঁরা ঢাকায় পৌঁছাবেন। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরদিন ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তত্ত্বাবধানে ‘অমর একুশে’ শ্রদ্ধাঞ্জলি রক্তের বন্ধনে কর্মসূচির আওতায় তাঁরা ২১ জনই স্বেচ্ছায় রক্ত দেবেন।সাইক্লিস্ট দলের নেতা মিহির দাস আরও বলেন, বাংলাদেশ ও ভারত পরস্পরের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের যেকোনো অসাম্প্রদায়িক আন্দোলন-সংগ্রামে ১৯৭১ সালের মতো ২০১৩ সালেও তাঁরা থাকবেন। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আমন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন এবং একান্নবর্তী নামের সংগঠনের পরিচালনায় দলটি বাংলাদেশে বিশেষ যাত্রা করে। ১৪ ফেব্রুয়ারি দুপুরে দমদম এলাকা থেকে কলকাতার সাইক্লিস্ট দল যাত্রা শুরু করে। ওই দলের সদস্যরা বনগাঁ হয়ে যশোরের বেনাপোল দিয়ে বাংলাদেশে ঢুকেছেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন, কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান, ব্যবস্থাপক তানভির হোসেন দমদমে কলকাতার সাইক্লিস্ট দলকে স্বাগত জানিয়েছেন।