শাহবাগে হরতাল প্রতিরোধের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণ মঞ্চে আজ রোববার সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। গান-কবিতার ফাঁকে চলে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে স্লোগান। হরতাল প্রতিরোধের অঙ্গীকারও ছিল স্লোগানে। গণজাগরণ মঞ্চে কাল সোমবার বেলা ১১টার দিকে সবাইকে জাতীয় পতাকা নিয়ে হরতালবিরোধী মিছিল করে যার যার এলাকার শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। শাহবাগেও কাল বেলা ১১টায় অভিন্ন কর্মসূচি পালিত হবে।তবে গতকাল শনিবার যেখানে মহাসমাবেশ করা হয়েছিল, সেখান থেকে সরিয়ে মূল মঞ্চে আজ কর্মসূচি চলে। আয়োজকেরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারীদের অনুরোধে এবং শাহবাগ মোড়ে যান চলাচলের সুবিধার জন্য মঞ্চ সরিয়ে নেওয়া হয়েছে। তাঁরা বলেন, গণজাগরণ মঞ্চ কোনোভাবেই জনগণের অসুবিধা সৃষ্টি করতে চায় না।গণজাগরণ মঞ্চে আজও হেফাজতে ইসলামের ডাকা হরতাল প্রতিরোধ করার অঙ্গীকার নেওয়া হয়। কাল সোমবার বেলা ১১টার দিকে সবাইকে জাতীয় পতাকা নিয়ে হরতালবিরোধী মিছিল করে যার যার এলাকার শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। শাহবাগে কাল বেলা ১১টায় অভিন্ন কর্মসূচি পালিত হবে।গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসূল প্রথম আলো ডটকমকে জানান, শনিবারের মহাসমাবেশের পর থেকে গণজাগরণ মঞ্চ শাহবাগ ছেড়ে যায়নি এবং হেফাজতে ইসলামের হরতাল চলা পর্যন্ত শাহবাগেই অবস্থান করবে। হরতাল প্রতিহত করার পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগ থেকে বেলা ১১টায় মিছিল বের হবে এবং বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিল শেষ করা হবে। শনিবারের মহাসমাবেশের ঘোষণা অনুযায়ী আগামী মঙ্গলবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণজাগরণ মঞ্চ ছাত্র ধর্মঘট পালন করবে। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার সব কার্যক্রম এই ধর্মঘটের আওতামুক্ত থাকবে। এর পরের দিন ১০ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দুই ঘণ্টা গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই দিন দেশের সব জায়গার মানুষকে নিজ নিজ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টা গণ-অবস্থান করার আহ্বান জানানো হয়। এ ছাড়া ১৪ এপ্রিল পয়লা বৈশাখে শাহবাগের প্রজন্ম চত্বরে রয়েছে গণজাগরণ মঞ্চের দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, পরে বেলা চারটায় রয়েছে মহাসমাবেশের কর্মসূচি।