শাহবাগে হাজারো কচিকণ্ঠে ফাঁসির দাবি
শাহবাগের প্রজন্মে চত্বরে আজ অন্যরকম চাঞ্চল্য। সকালের কোমল রোদ আর ঝিরি ঝিরি হিমেল ফাল্গুনী হাওয়ার সঙ্গে নতুন এক উচ্ছ্বাস তুলেছে হাজারো কচিকণ্ঠ। ওরাও সতেজে স্লোগান দিচ্ছে একাত্তরের মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে। মা-বাবার হাত ধরে আসা নানা বয়সী এসব শিশুর কারও গন্তব্য লাখো প্রাণের উচ্ছ্বাস প্রজন্ম চত্বর। কারও বা লক্ষ্য চত্বর ঘুরে একুশের গ্রন্থমেলার শিশুপ্রহরে যোগ দেওয়া।তাই শুক্রবার এই ছুটির দিনেও সাতসকালেই ছোটবড় সবার কলগুঞ্জন, স্লোগান, সংগীত, কবিতায় সরব শাহবাগ। দেখা গেছে, দেড়-দুই বছরের একদম ছোট শিশুদের কেউ কেউ ঘুমিয়ে নেতিয়ে পড়েছে বাবা, মা কিংবা অভিভাবকের কাঁধে। তার মাথায় বাঁধা এক ফালি কাপড়ে লেখা রয়েছে ‘রাজাকারদের’ ফাঁসির দাবি। দেড় বছরের শিশুকন্যা রিফাকে নিয়ে এভাবে ঘুরছিলেন বাবা রাশেদ মোশাররফ। তিনি জানান, টিভিতে এত মানুষের সমাবেশ, স্লোগান, উচ্ছ্বাস দেখে তাঁর মেয়েটিও বায়না ধরেছে—সেখানে নিয়ে যেতে হবে। তাই ওকে নিয়ে এসেছেন। রাজধানীর জুরাইনের বাসা থেকে সকাল নয়টার মধ্যে মেয়ে ও মেয়ের মাকে নিয়ে তিনি চলে এসেছেন। ছুটির পুরো দিনটা আজ এখানেই কাটাবেন জানিয়ে রাশেদ বলেন, ‘শাহবাগ চত্বরে তো থাকবই। আমার মেয়ে রিফা এখনো ভালো করে কথা বলতে পারে না। টিভিতে এত মানুষ দেখে কেন জানি বার বার এখানে আসার বায়না জুড়ে দেয় ও। সে কারণে এখানে আসা। আর যুদ্ধাপরাধীদের বিচার দাবি তো আছেই। এখানে কিছু সময় কাটিয়ে যাব বইমেলায়। আজ তো আবার শিশুপ্রহর চলছে মেলায়। তবে আবার শাহবাগের গণজাগরণ সমাবেশে আসব।’পাঁচ বছরের শিশু আরেফিন আবিদও কয়েক দিন ধরে শাহবাগে আসতে বার বার তাগিদ দিচ্ছিল প্রকৌশলী বাবা এনামুলকে। তাই আজ সকাল সাতটায় গাজীপুরের কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে চেপে ছেলেকে নিয়ে প্রজন্ম চত্বরে এসেছেন এনামুল। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহতাসিম আলম মাহিনের বাবা খোরশেদ আলম বেলা ১১টায় শাহবাগে এসেই ছেলের মাথায় বেঁধে দেন ফাঁসির স্লোগান লেখা এক ফালি কাপড়।এভাবে কেবল রাজধানী থেকেই নয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক শিশুর আগমন ঘটছে প্রজন্ম চত্বরে। শিশুমনের আধফোটা চেতনায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে নতুন প্রজন্মের দাবি।