মহাসমাবেশ শেষে বিকেল পাঁচটার দিকে শাপলা চত্বর থেকে কয়েক শ কর্মী লাঠি হাতে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসে। তাদের গন্তব্য ছিল শাহবাগ
শাহবাগে হামলার চেষ্টা
হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ শেষে ফেরার পথে হেফাজত নামধারী কিছু যুবকের সঙ্গে গণজাগরণ মঞ্চের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। হেফাজতের কয়েকজন নেতা বলেছেন, হেফাজতের স্বেচ্ছাসেবকেরা দিনভর উত্তেজিত যুবকদের শাহবাগে যাওয়া থেকে বিরত রেখেছেন। যাঁরা হামলা করেছেন তাঁরা হেফাজতের কর্মী নন। প্রত্যক্ষদর্শী কেউ কেউ হামলাকারীদের ছাত্র শিবিরের কর্মী বলে জানান। গতকাল সকাল থেকেই হেফাজতে ইসলামের নামে বেশ কিছু যুবক প্রেসক্লাব এলাকায় কদম ফোয়ারার সামনে কয়েক দফা পুলিশি অবরোধ ভাঙার চেষ্টা করে। পরে হেফাজতের স্বেচ্ছাসেবকেরা সেখানে এসে মানবঢাল তৈরি করে তাদের প্রতিহত করেন। এভাবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হেফাজতের স্বেচ্ছাসেবক কর্মীরা তাদের আটকে রাখেন। দুপুরের দিকে শতাধিক ব্যক্তি প্রেসক্লাবে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের গণজাগরণ মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করলে স্বেচ্ছাসেবকেরা তাদের আটকান। সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতির। সমাবেশের মূল মঞ্চ থেকে কয়েকজন নেতা এসে পরিস্থিতি শান্ত করেন। পরে হামলার চেষ্টাকারীদের কাছ থেকে স্বেচ্ছাসেবকেরা আশ্বাস আদায় করেন, তাঁরা সহিংস কিছু করবেন না এবং সেখানে শান্তিপূর্ণ অবস্থান করবেন।পাল্টাপাল্টি ধাওয়া: মহাসমাবেশ শেষে বিকেল পাঁচটার দিকে শাপলা চত্বর থেকে কয়েক শ কর্মী লাঠি হাতে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসে। তাদের গন্তব্য ছিল শাহবাগ। এ সময় মূল রাস্তায় পুলিশ থাকার কারণে তারা রাস্তার দুই পাশের ফুটপাত দিয়ে কোনো ধরনের বাধা ছাড়াই মৎস্য ভবনের সামনে আসে। তারা সেখান থেকে সড়ক ভবনের সামনের রাস্তা দিয়ে শাহবাগে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে তারা মূল রাস্তা দিয়ে না গিয়ে রমনা পার্কের দেয়ালের গ্রিলের বেড়া ভেঙে, দেয়াল টপকে রমনা পার্কে ঢুকে পড়ে। আর কিছু যুবক সোহ্রাওয়ার্দী উদ্যানে ঢুকে পড়ে। হামলাকারীরা রমনা পার্কের ভেতর দিয়ে শাহবাগের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। তাদের ঠেকাতে শিশুপার্কের উল্টো দিকে রমনা পার্কের প্রবেশমুখে পুলিশ ও গণজাগরণ মঞ্চের কর্মীরা অবস্থান নেয়। রমনা পার্কের ভেতর দিয়ে হেফাজতের একটি দল ঢাকা ক্লাবের কাছে চলে এলে গণজাগরণের কর্মীরা তাদের ধাওয়া দেন। এতে একদল আবার রমনা পার্কের ভেতরে ঢুকে পড়ে। আরেক দল মৎস্যভবনের দিকে দৌড় দেয়। হেফাজতের কর্মীরা আবার গণজাগরণের কর্মীদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পাল্টাপাল্টি ধাওয়া চলে প্রায় এক ঘণ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।পাল্টাপাল্টি ধাওয়ার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদ আহত হন। ছোটাছুটির সময় শাহবাগে একটি দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে তিনি পায়ে আঘাত পেয়েছেন। একটি বেসরকারি হাসপাতালে তাঁর পায়ে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।উসকানিতে শিবির: সংঘর্ষের সময় মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে একদল গুজব ছড়াতে থাকে যে একজন হেফাজত কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁরা সমাবেশ-ফেরত লোকজনকে রমনা পার্কের ভেতর দিয়ে গিয়ে শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলার জন্য উসকানি দিতে থাকে। সমাবেশ-ফেরত কিছু লোক রমনা পার্কের সীমানার বাইরে ও ভেতরে দাঁড়িয়ে হইচই করলেও শেষ পর্যন্ত বেশির ভাগই নিজের গন্তব্যের পথে ফিরে যান। সেখানে দাঁড়ানো কয়েকজন মাদ্রাসাছাত্র বলেন, তাঁদের ‘বড় হুজুর’ কোনো সংঘর্ষে জড়াতে নিষেধ করে দিয়েছেন। হেফাজতের কর্মীরা ‘মুরুব্বি’দের কথা মেনে চলে। যারা সংঘর্ষ সৃষ্টির চেষ্টা করেছে তারা জামায়াত-শিবির কর্মী হতে পারে।সংঘর্ষের সময় মিন্টো রোডে পুলিশের রিকুইজিশন করা একটি লেগুনা ভাঙচুর করেছে কিছু যুবক। ওই লেগুনায় থাকা পুলিশ সদস্যরা বলেন, তাঁরা আদালত থেকে আসামি নিয়ে থানায় ফিরছিলেন। এমন সময় কিছু যুবক এসে গাড়িতে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। তাঁরা গাড়িতে থাকা পুলিশের ওপর হামলায় উদ্যত হলে গাড়িটি নিয়ে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে চলে আসেন পুলিশ সদস্যরা।সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশের রমনা জোনের উপকমিশনার মারুফ হাসান বলেন, এরা সবাই শিবিরের কর্মী বলে সন্দেহ করা হচ্ছে।এ ছাড়া সমাবেশ চলাকালেও কিছু লোক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন, বোতল ছোড়াছুড়ি করেন। তখন মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়, ‘আমাদের মধ্যে কিছু মুনাফিক ঢুকে পড়েছে। এরা কেউ হেফাজতের কর্মী নন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাঁদের ধরে শাস্তি দিন।’