শাহবাগের আন্দোলন কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপি বলছে, বিচারকেরা নিজস্ব মূল্যায়ন, যুক্তিতর্ক ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে স্বাধীনভাবে রায় ঘোষণা করতে না পারলে মানবতাবিরোধী অপরাধের সমগ্র বিচারিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। শাহবাগের আন্দোলনকারীদের দাবির প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি এ কথা বলেছে। দলের স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই কথা বলা হয়। দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিবৃতিতে অভিযোগ করা হয়, রাজনৈতিক ঘরানার ব্যক্তিদের হাতেই শাহবাগের আন্দোলনের নেতৃত্ব কুক্ষিগত করার প্রয়াস চলছে। ‘বহুদলীয় গণতন্ত্রকে রক্ষা এবং অব্যাহত রাখতে’ নতুন প্রজন্ম একটি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে বলেও আশা করছে দলটি।বিবৃতিতে বলা হয়, ‘দেশের মানুষের আকাঙ্খা বিবেচনা করে অভিযুক্তদের মৃত্যুদন্ড দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বিচারকদের অনুরোধ জানিয়ে, সমগ্র জাতীয় সংসদের পক্ষ থেকে শাহবাগের আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে সমাবেশ মঞ্চের ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ মানবতাবিরোধীসহ যে কোন অপরাধে অভিযুক্তদের যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব সরকার প্রধানের। বিচারকরা তাদের নিজস্ব মূল্যায়ন, যুক্তিতর্ক ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে স্বাধীনভাবে যদি রায় ঘোষণা করতে না পারেন তাহলে সমগ্র বিচারিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এটা আইনের শাসন ও ন্যয়বিচার এর পরিপন্থী।’বিএনপির নীতিনির্ধরকেরা ওই বিবৃতিতে বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই মানবতাবিরোধী অপরাধসহ সব ধরনের অপরাধের নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করবে। বিএনপি সব সময় যুদ্ধাপরাধের বিচারের পক্ষে। একই সঙ্গে বিচারটি যাতে স্বচ্ছ, নিরপেক্ষ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মান সম্পন্ন হয় বিএনপি সে দাবিও জানিয়ে আসছে। বিএনপির এই দাবির প্রতি সম্মান দেখালে বিচারটি প্রশ্নবিদ্ধ হত না। এর আগে গতকাল সোমবারও দলটি শাহবাগের আন্দোলন নিয়ে একটি বিবৃতি দিয়েছিল।শাহবাগে তরুণদের আন্দোলনকে স্বাগত জানিয়ে বিএনপি বলেছে, ‘বিগত এক সপ্তাহ ধরে বিপুল সংখ্যক তরুণ-তরুনী ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগে অবস্থান করছেন। তাদের সমাবেশে অবশ্য আরও কিছু অতিরিক্ত বিষয় নিয়ে প্রস্তাব পাঠ করা হয়েছে। দেশের তরুণ প্রজন্ম জাতির বিভিন্ন সমস্যা সম্পর্কে আগ্রহী হবেন এবং যৌক্তিক ও কার্যকর অবস্থান নেবেন এটাই কাঙ্খিত। তাই তারুণ্যের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’ বিবৃতিতে বলা হয়, সিরাজ সিকদার হত্যা, বিচার বর্হিভূত হত্যা, গুম, বিভিন্ন ক্ষেত্রে সরকারের দুর্নীতির অভিযোগের বিষয়গুলো শাহবাগে সমেবত তরুণদের উদ্বেগ ও প্রতিবাদের তালিকায় অন্তর্ভুক্ত করলে আন্দোলন আরও মহিমান্বিত হতো।বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে দেওয়া আজকের বিবৃতিতে বলা হয়, ‘দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্রকে রক্ষা এবং অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। একমাত্র নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। তাই আমাদের সকলের প্রত্যাশা নতুন প্রজন্ম বহুদলীয় গণতন্ত্রকে রক্ষা এবং অব্যাহত রাখার জন্য একটি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে।’