শাহবাগের আন্দোলন ২৪ ঘণ্টা চলবে
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের চলমান আন্দোলন দিন-রাত ২৪ ঘণ্টাই চলবে। আন্দোলনের কর্মী ও ব্লগার আহমেদ রাজিব হায়দার খুন আজ শুক্রবার রাতে খুন হওয়ার প্রতিবাদে আন্দোলনকারীদের মতামতের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে রাজিব হত্যার প্রতিবাদে কাল শনিবার সকালে কালোব্যাজ ধারণ করা হবে। আজ রাতে ব্লগারদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার রাতে শাহবাগের প্রজন্ম চত্তরে এ ঘোষণা দেন। রাজিব হায়দার খুনের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি। এ ছাড়া জামায়াত-শিবির ঘোষিত আগামী সোমবারের হরতাল প্রত্যাখান করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠান এবং কল-কারখানা খুলে রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। জামায়াত-শিবির বাধা দিতে আসলে তাদের প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। জামায়াতের অর্থে পরিচালিত ‘সোনার বাংলা ব্লগ’ অবিলম্বে বন্ধেরও দাবি জানানো হয় এ সময়।এর আগে বিকেলে জাগরণ সমাবেশে শাহবাগে আন্দোলন কর্মসূচি প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বলে ঘোষণা করা হয়েছিল। তবে কোনো বিশেষ প্রয়োজনে নোটিশ দেওয়া হলে দলে দলে প্রজন্ম চত্বরে আসার জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছিল। আজ রাতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আহমেদ রাজিব হায়দার খুন হয়েছেন। রাত পৌনে দশটার দিকে তার মৃতদেহ বাসার কাছে রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, রাজিবকে কুপিয়ে খুন করা হয়েছে। এরই প্রতিবাদে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।বিকেলে ঘোষিত অন্য কর্মসূচির মধ্যে ছিল:* আগামী রোববার সকাল ১০টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন।* জেলা, গ্রাম, পাড়া-মহল্লায় গণজাগরণ মঞ্চ গড়ে তোলা।* যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে যেখানেই জামায়াতের নাশকতা দেখা যাবে, সেখানেই প্রতিরোধে মানবদুর্গ গড়ে তোলা। * চারদিকে সতর্ক নজরদারি ও সতর্ক দৃষ্টি রাখা। * দেশের সর্বত্র ও সমাজের সর্বস্তরের মানুষের মাঝে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বয়কট করতে জনসংযোগ করা। বিকেল চারটা থেকে প্রজন্ম চত্বরে শুরু হয় সমাবেশ। সাড়ে পাঁচটার দিকে এসব নতুন কর্মসূচির ঘোষণা দেন ইমরান এইচ সরকার। এ সময় তিনি বলেন, শাহবাগের আন্দোলন কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী নয়। এ আন্দোলন জনগণের মুখাপেক্ষী। আন্দোলনে জনতার জয় অনিবার্য বলে মন্তব্য করেন তিনি। এ সময় আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বক্তব্য দেন। কাল রাজিবের জানাজাআগামীকাল শনিবার বাদ আছর প্রজন্ম চত্বরে শাহবাগ আন্দোলনের কর্মী, ব্লগার ও স্থপতি আহমেদ রাজিব হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে।