শাহবাগের আন্দোলনে কলকাতার বুদ্ধিজীবীদের সংহতি
বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে এবার একাত্মতা ঘোষণা করেছেন কলকাতার বুদ্ধিজীবীরা। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে কলকাতার একাডেমি অব আইন আর্টস প্রাঙ্গণের মেহগনি চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আলোচনা ও সংগীতের মধ্য দিয়ে শাহবাগ আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করা হয়। এ সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কেও স্বাগত জানানো হয়।সমাবেশে প্রখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় শাহবাগ নিয়ে নিজের লেখা ও সুরের একটি গান গেয়ে শোনান । গানটি হলো:‘শাহবাগ আজ শাহবাগে নেই, এখন সে নওজোয়ানবাগ এই ফাগুনে দেখো সেখানে, তাজা ফুলের রক্তবাগ।’এর আগে গত বুধবার আরেক মঞ্চে তিনি শাহবাগ নিয়ে আরেকটি গান শোনান। সেটি ছিল—‘ধর্মের নামে নিপীড়ন,আর ধর্মের নামে খুন রুখতে দাঁড়াল বাংলাদেশের তরুণী আর তরুণ শোকে হয়ে ওঠে ঘৃণার আগুন,পবিত্র শাহবাগে তাঁদের সঙ্গে কণ্ঠ মেলাতে এখনো ইচ্ছা জাগে...।’কলকাতার নাগরিক সমাজ এই সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আলোচনা ও সংগীতে অংশ নেন মীরাতুন্নাহার, ইমানুল হক, লোকসংগীত শিল্পী সুখবিলাস বর্মা, শক্তিমান ঘোষ, মানিক সমজদার প্রমুখ।