শাহবাগের আন্দোলনে ত্রিপুরাবাসীর একাত্মতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে চলা গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের অধিবাসীরা। এ আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে আজ বুধবার বেলা ১১টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তের শূন্যরেখায় স্থাপিত গণজাগরণ মঞ্চে জড়ো হন হাজারো ত্রিপুরাবাসী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।আজ সকাল থেকেই কবিতা আবৃত্তি, গান আর আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানাচ্ছেন তাঁরা। গণজাগরণ মঞ্চে কবিতা পাঠ করেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতিমন্ত্রী অনিল সরকার। আলোচনা করেন আগরতলার বিধায়ক পবিত্র কর ও সুরজিত্ দত্ত, সমন্বয়ক শুভ্রজিত্ ভট্টাচার্য, বাংলাদেশের নওগাঁ-২ আসনের সাংসদ ফরিদুজ্জামান সরকার, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, পৌরসভার মেয়র তাকজিল খলিফা, স্থলবন্দরের আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব ভূঁইয়া, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ। আখাউড়ার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দিয়েছে। আখাউড়া সীমান্তে সমবেত দুই বাংলার আন্দোলনকারীদের সঙ্গে ঢাকার শাহবাগ থেকে টেলিফোনে কথা বলেন ‘অগ্নিকন্যা’ লাকি আক্তার। এ সময় মাইকে লাকির বক্তব্য প্রচার করা হয়। লাকি বলেন, ‘একাত্তরের মতো এবারও ত্রিপুরাবাসী আমাদের পাশে আছেন। এ জন্য ত্রিপুরাবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’ তিনি বলেন, ‘রাজাকারদের কবর রচনা করতে যেখানেই বাঙালি, সেখানেই আন্দোলন ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলনে জয় আমাদের নিশ্চিত।’এই গণজাগরণ মঞ্চের আয়োজনে রয়েছে ত্রিপুরা থেকে প্রকাশিত বাংলা দৈনিক ‘আজকের ফরিয়াদ’, আখাউড়ার স্বাধীনতা প্রজন্ম মঞ্চ, তিতাস আবৃত্তি পরিষদ, সীমান্ত সংস্কৃতি পরিষদসহ স্থলবন্দরের ব্যবসায়ীদের দুটি সংগঠন। এ ছাড়া শূন্যরেখায় স্থাপিত গণজাগরণ মঞ্চে দুই দেশের শিল্পী, সাহিত্যিক, কবি, সংস্কৃতিকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের অন্যতম সহায়তাকারী রাজ্য ছিল ত্রিপুরা। সে সময় অসংখ্য বাংলাদেশিকে আশ্রয়, খাবার ও চিকিত্সাসেবা দিয়ে সহায়তা করে রাজ্যটি। এ ছাড়া অনেক মুক্তিযোদ্ধা ত্রিপুরায় প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে যুদ্ধে অংশ নেন।