শাহবাগের আন্দোলনে বিহারিদের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে উর্দুভাষী বিহারিরা (আটকে পড়া পাকিস্তানি)। এ ছাড়া প্রজন্ম চত্বরের নেতাদের চিঠি দিয়ে জানানো হয়েছে, ‘তাঁরা যদি চান, তবে উর্দুভাষী বিহারিরা এ আন্দোলনে যোগ দেবেন।’ বাংলাদেশ উর্দুভাষী কল্যাণ সমিতির পক্ষ থেকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সমিতির সভাপতি আশরাফুল হক বাবু রোববার মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) ও লিখিত চিঠিতে জানান, ৩০ লাখ শহীদের রক্তে বাংলাদেশ ভূখণ্ডের জন্ম। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বর্বর বাহিনী নিরপরাধ বাঙালির ওপর নির্দয় হত্যাযজ্ঞ চালিয়েছে। ভাষা ও সংস্কৃতি এক হওয়ায় অধিকাংশ বিহারি ওই সময় পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। কিন্তু নতুন প্রজন্মের বিহারিরা এ দেশের সন্তান। তারা কেন পূর্বপুরুষের সেই অপরাধের দায় বয়ে বেড়াবে। প্রজন্ম চত্বরের চলমান সব কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে আশরাফুল হক ওই চিঠিতে জানান, ‘এ দেশের কিছু ব্যক্তি তখন পাকিস্তানি বাহিনীর দোসর সেজে গণহত্যা, ধর্ষণসহ লুটতরাজ চালিয়েছে। তাই রাজাকারদের যথোপযুক্ত বিচার হতে হবে। নতুন প্রজন্মের বিহারিরাও যুদ্ধাপরাধীর ফাঁসি চায়, এ জন্য চলমান এই আন্দোলনে আমরাও সহযাত্রী হতে চাই।’