শাহবাগের আন্দোলনের সঙ্গে যুক্ত রাজীব খুন
রাজধানীর পল্লবী এলাকায় আহমেদ রাজিব হায়দার নামের এক ব্লগার খুন হয়েছে। আজ শুক্রবার রাত পৌনে দশটার দিকে তার মৃতদেহ বাসার কাছে রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ। পল্লবী থানা পুলিশ জানিয়েছেন, তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে।কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলন নিয়ে ব্লগে সক্রিয় ছিলেন আহমেদ রাজিব। পুলিশ জানায়, নিহত আহমেদ রাজিবের পিতার নাম নাজিম উদ্দিন। বাসা পল্লবীর পলাশ নগরে। রাত নয়টার দিকে রাজিব বাসা থেকে বের হয়ে যায়। এক ঘন্টা পরে তার মৃতদেহ রাস্তায় পড়ে থাকে। মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, নিহতের গালে কেটে ফেলার দাগ রয়েছে। তার মৃতদেহ রাস্তায় পড়ে ছিল। নিহত ব্লগার বলে তিনি শুনেছেন। নিহত রাজিব পেশায় স্থপতি।ব্লগারের বিভিন্ন সাইটে দেওয়া তথ্যে দেখা গেছে, নিহত রাজিবের সামহ্যায়ারইন ব্লগে ‘থাবা বাবা’ নামে নিয়মিত ব্লগ লিখতেন। শাহবাগের ঘটনা নিয়েও তিনি ব্লগে সক্রিয় ছিলেন। কাল রাজিবের জানাজাআগামীকাল শনিবার বাদ আছর প্রজন্ম চত্বরে শাহবাগ আন্দোলনের কর্মী, ব্লগার ও স্থপতি আহমেদ রাজিব হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে। রাজিব হত্যার প্রতিবাদে কাল সকালে কালোব্যাজ ধারণ করা হবে।আজ শুক্রবার রাতে ব্লগারদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার রাতে প্রথম আলো ডটকমকে এ কথা বলেন।বৈঠকে খুনের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। এ ছাড়া জামায়াত-শিবির ঘোষিত আগামী সোমবারের হরতাল প্রত্যাখান করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠান এবং কল-কারখানা খুলে রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। জামায়াত-শিবির বাধা দিতে আসলে তাদের প্রতিহত করার কথা বলা হয়েছে। জামায়াতের অর্থে পরিচালিত ‘সোনার বাংলা ব্লগ’ অবিলম্বে বন্ধের দাবি করা হয়েছে।