শাহবাগের আলো ছড়াল কলকাতার গানের আসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের আন্দোলন দেশের গণ্ডি পেরিয়ে ছুঁয়েছে কলকাতা। টালিগঞ্জের আইটিসি এসআরএ প্রাঙ্গণে আলোকরশ্মি ছড়াল ঢাকার বিক্ষোভ। রাজাকার কাদের মোল্লার ফাঁসি যখন বাঙালির গণদাবিতে পরিণত, সেই দাবির সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে কলকাতায় বাংলা গানের উৎসবমঞ্চে আলোক শিখা হাতে দাঁড়ালেন দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। নারী নির্যাতনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে করা হলো মানববন্ধন।শাহবাগের আন্দোলন জাতির গর্ব: গান দিয়ে নয়, বিদেশ বিভূঁই থেকে শাহবাগের আন্দোলনে শামিল হওয়ার মধ্য দিয়ে গত বৃহস্পতিবার বেঙ্গল ফাউন্ডেশন ও এসআরএ আয়োজিত বাংলা গানের উৎসবের সপ্তম দিনের আয়োজন শুরু হয়েছিল। কলকাতা পুস্তক মেলা শেষ হওয়ার পর থেকে প্রতিদিনই শ্রোতার ঢল নামছে উৎসবে। মঞ্চের সামনে সাড়ে তিন হাজার আসন। কোনো কোনো দিন তাতেও স্থান সংকুলান হয় না। সন্ধ্যা সাড়ে সাতটা। সঞ্চালক লুভা নাহিদ চৌধুরী বললেন, ‘আমরা দেশে নেই। কিন্তু দেশে মানবতাবিরোধীদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমাদের অধিবেশন শুরু করব।’মঞ্চে এলেন দেশের বিশিষ্ট শিল্পী রফিকুন নবী, কালি ও কলম সম্পাদক আবুল হাসানাত, এসআরএর নির্বাহী পরিচালক রবি মাথুর ও বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের। মোমবাতি জ্বালিয়ে তাঁরা শামিল হলেন ঢাকার শাহবাগের প্রতিবাদের সঙ্গে।রফিকুন নবী বলেন, ‘কলকাতায় এ-যাবৎ আয়োজিত সবচেয়ে বড় বাংলা গানের উৎসবে অংশ নিতে এসেছি। কিন্তু মনটা পড়ে আছে ঢাকায়। আপনারা জানেন, আমাদের নতুন প্রজন্ম মানবতাবিরোধীদের বিরুদ্ধে এক বিশাল স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে তুলেছে। সেখানে এখন শিশু থেকে বয়োবৃদ্ধ নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। লাখো মানুষ দিন-রাত শাহবাগে অবস্থান করছে। এই আন্দোলন এখন আমাদের জাতির জন্য একটি গর্বের বিষয়ে পরিণত হয়েছে। আজ আমরা এখান থেকেও সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছি। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, গণতন্ত্রের জন্য আমাদের এই আন্দোলনে আপনাদের সমর্থন ও সহমর্মিতা আশা করি।’৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে নয় দিনের এই উৎসব। এর সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো। সহযোগিতায় দ্য ডেইলি স্টার ও সম্প্রচার সহযোগিতায় মাছরাঙা টেলিভিশন।গান: গতকাল শুক্রবার উৎসবের অষ্টম দিনে কলকাতায় ছিল সরস্বতী পূজা। সুরের দেবীকে সুরের নৈবেদ্য নিবেদন করে গানের আসর শুরু করেছিলেন ভারতের শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা। গানটি ছিল ‘বাসন্তী হে ভুবন মোহিনী’। আইটিসি এসআরএতে গান করার সুযোগ সবার হয় না। শ্রেয়া বলছিলেন সে কথাই। এসআরএতে এই প্রথম গাইতে পেরে ধন্যবাদ জানালেন আয়োজকদের। এরপর তিনি পরিবেশন করেন ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘কী সুর বাজে আমার প্রাণে আমিই জানি’, ‘দুজনের দেখা হলো’, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’—এসব গান।শ্রেয়ার গানের পর ছিল শারমিন সাথী ও অদিতি মহসিনের গানের অ্যালবামের মোড়ক উন্মোচন। প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। অতিথিদের মধ্যে ছিলেন এসআরএর প্রথম মহাপরিচালক সংগীতজ্ঞ পণ্ডিত বিজয় কিচলু, রবি মাথুর, কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম ও বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের।ফজলে হাসান আবেদ বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক নিবিড় করবে। তিনিও শাহবাগের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন এবং বিশ্বব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে দর্শকদের হাতে হাত ধরে মানববন্ধন করে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান এবং দর্শকেরা মানববন্ধন করে নীরবতা পালন করে।পরের শিল্পীদের মধ্যে শারমিন সাথী শুনিয়েছেন নজরুলের গান ‘রসঘন শ্যাম’, ‘আমার কোন কূলে আজ’, ‘সৃজন ছন্দে আনন্দে’। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় গান চলছিল। পরের শিল্পীদের মধ্যে ছিলেন বাংলাদেশের অদিতি মহসিন এবং কলকাতার স্বাগতা লক্ষ্মী ও শ্রেয়া গুহঠাকুরতা।আগের রাতে: বৃহস্পতিবার অনুষ্ঠানে মূলত রবীন্দ্রনাথের গানই শুনিয়েছেন শিল্পীরা। বাংলাদেশের শিল্পীদের মধ্যে ছিলেন মিতা হক, বুলবুল ইসলাম ও লাইসা আহমেদ এবং কলকাতার অদিতি গুপ্ত।আজ সারা রাত লোকসংগীত: আজ শনিবার সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত সারা রাত লোকসংগীতের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।