শাহবাগের গণজাগরণ ছড়িয়ে পড়ছে গ্রামেও
জামায়াতের নেতা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ চত্বরে চলমান গণ-আন্দোলন শহরগুলোর পাশাপাশি গ্রামেও ছড়িয়ে পড়ছে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রাঙামাটিসহ নানা জায়গায় কয়েক দিন ধরে এ আন্দোলন অব্যাহত রয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: চট্টগ্রাম: টানা ষষ্ঠ দিনের মতো যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ চলছে। এতে বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার মানুষসহ বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। রাজশাহী: বাঘা উপজেলার শাহদৌলা কলেজ মাঠে শহীদ মিনার চত্বরে আজ সকাল থেকে কাদের মোল্লার ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন। এ সময় মুক্তিযোদ্ধা আকবর আলী বলেন, ‘শাহবাগের যে তরুণেরা কাদের মোল্লার ফাঁসির দাবি সারা দেশে ছড়িয়ে দিয়েছে, মুক্তিযুদ্ধের স্লোগান “জয় বাংলা”কে নতুন করে মানুষের মুখে মুখে ছড়িয়ে দিয়েছে, তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। তাদের সালাম জানাই।’সিলেট: শহর ছাড়িয়ে সিলেটের বিভিন্ন গ্রামেও ছড়িয়ে পড়েছে তারুণ্যের জাগরণ। গত কয়েক দিনে বিভাগের চারটি জেলার প্রত্যন্ত গ্রামেও মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। আন্দোলনরত বিভিন্ন গ্রামের বাসিন্দারা জানান, মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগ্রামীদের দাবির প্রতি সংহতি জানাতেই গ্রামে গ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। রাঙামাটি: শহরের তবলছড়ির বটতলায় বেলা তিনটার দিকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সমাবেশ হয়েছে। সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ ফাঁসির দাবিতে স্লোগান দেন। এ সময় কবিতা ও গান পরিবেশন করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মশাল মিছিল বের করা হয়। শেরপুর: ‘সব সাথিরে খবর দে, রাজাকারের কবর দে’—এই স্লোগান সামনে রেখে সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে নালিতাবাড়ী উপজেলায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিন ধরে চলছে অবস্থান কর্মসূচি। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আবৃত্তি, গান ও স্লোগানে মুখরিত থাকে শহীদ মিনার চত্বর।