শাহবাগের গণজাগরণ সরকারের সতর্ক পর্যবেক্ষণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের গণজমায়েত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার ও সরকারি দল আওয়ামী লীগ। তরুণ সমাজের এই স্বতঃস্ফূর্ত জাগরণকে কেউ যেন ভিন্ন খাতে নিতে না পারে বা তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারেও সরকার সতর্ক দৃষ্টি রাখছে।আওয়ামী লীগ ও সরকারের একাধিক নীতিনির্ধারক প্রথম আলোকে জানান, তরুণ সমাজের এই আন্দোলনকে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার কাজে বড় সহায়ক শক্তি বলে মনে করছেন তাঁরা। তাঁদের মতে, এই বিচারকাজ শুরু করা, চালিয়ে যাওয়া—সব ক্ষেত্রেই সরকারকে দেশি-বিদেশি নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়েছে, হচ্ছে। নানামুখী চাপের মধ্যে একমাত্র এই তরুণ-উদ্যোগই সরকারকে কিছুটা সাহস জুগিয়েছে। সবচেয়ে বড় কথা, এর মাধ্যমে এই বিচারের প্রতি সাধারণ মানুষের যে সুপ্ত সমর্থন ছিল তা প্রকাশ্য হয়েছে। এটাও সরকারের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন এই নীতি-নির্ধারকেরা। সরকার ও সরকারি দলের সূত্র বলছে, এই সব বিবেচনায় তরুণ সমাজের নিরপেক্ষ ও নির্দলীয় অবস্থান সংহত থাকলে তা সরকারের জন্য সহায়কই হবে। আওয়ামী লীগের নেতা ও সরকারের মন্ত্রীরা তরুণ সমাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। আবার একাত্মতা ঘোষণা করতে যাওয়া কারও কারও প্রতি তরুণদের বিরূপ মনোভাবও আমলে নিচ্ছে সরকার। ফলে নিরাপদ দূরত্বে থাকাকেই সরকার তাদের জন্য ভালো বলে মনে করছে।গতকাল রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দলীয় কয়েকজন নেতাকে নিয়ে বৈঠক করেন। এরপর সন্ধ্যায় সৈয়দ আশরাফ ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন, গণ ঐক্য নেতা পঙ্কজ ভট্টাচার্য, সিপিবি নেতা মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিমসহ বাম ঘরানার কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন।দলীয় সূত্রগুলো জানায়, তরুণ সমাজের এই দাবি সরকারকে শক্তি জোগালেও এই পরিস্থিতির সুন্দর সমাপ্তি কামনা করছেন দলীয় নেতারা। তাঁরা আশঙ্কা করছেন, দীর্ঘদিন রাজপথে এই অবস্থা চলতে থাকলে তা নিয়ে ষড়যন্ত্র হতে পারে। একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তরুণ সমাজকে আমরা ডিক্টেট করব না, হস্তক্ষেপও করব না। তারা আমাদের কথায় এটা শুরু করেনি। শেষও করবে না, এটা আমরা বুঝি।’আওয়ামী লীগের নেতারা বলেন, আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল। তার প্রতি তরুণ সমাজের বিপুল সমর্থনের কারণেই আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়। কিন্তু সরকার গঠনের পর বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল, এ বিচার করা সম্ভব হবে না। কিন্তু বিচার-প্রক্রিয়া শুরু হলে সরকারের সমালোচকদের প্রচার ছিল, আওয়ামী লীগ লোক দেখানো বিচার করবে। আর বিএনপি-জামায়াত থেকে বলা হয়েছিল, সরকার প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে ঘায়েল করার জন্য যুদ্ধাপরাধের বিচার করতে চাচ্ছে। তারপর বলা হলো, সরকার এ বিচার ঝুলিয়ে রেখে আগামী নির্বাচনে তা কাজে লাগাবে। কিন্তু শেষ পর্যন্ত জামায়াতের সাবেক সদস্য আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সে সমালোচনা কিছুটা বন্ধ হয়। কিন্তু কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের পর এবার সরকারের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ তোলা হয়—‘সরকার জামায়াতের সঙ্গে সমঝোতা করেছে।’কিন্তু রায়ের পর মুহূর্তেই তরুণদের নেতৃত্বে বদলে যায় দৃশ্যপট। আলোচনা-বিশ্লেষণে বেরিয়ে আসে আইনের অসমতা। এরই মধ্যে প্রজন্মের দাবি অনুযায়ী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। এতে আসামিপক্ষের মতো রাষ্ট্রপক্ষের জন্যও সমান সুযোগ রাখার বিধান যোগ হচ্ছে।