শাহবাগের তরুণদের নিয়ে খালেদার ‘বিষোদ্গার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ চত্বরকে ‘নাস্তিক চত্বর’ উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ওইখানে যারা যাচ্ছে, তারা যুবক নয়। তারা হলো নষ্ট প্রকৃতির দলবাজ লোক। এরা বাংলাদেশের যুবকদের মাত্র এক ভাগ হতে পারে। আজ শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা কালীমন্দিরসংলগ্ন মাঠে ছোট সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।খালেদা অভিযোগ করেন, শাহবাগে যারা গিয়েছে, তারা আওয়ামী লীগ ঘরানার নাস্তিক লোক। এখানে যাদের তরুণ দলনিরপেক্ষ বলা হচ্ছে, এটা মোটেও ঠিক নয়। ধর্ম, আল্লাহ-রসুল, ইসলাম বা অন্য কোনো ধর্ম সম্পর্কে তাদের কোনো আস্থা নেই। শাহবাগে তরুণরা নাচ-গান করছে, অপকর্ম করছে বলেও উল্লেখ করেন তিনি।খালেদা জিয়া শাহবাগের তরুণদের প্রশ্ন করে বলেন, এরা কেমন তরুণ যে শুধু তারা ফাঁসি চাই, ফাঁসি চাই দাবি করছে। অন্যদিকে দেশের এত এত সংকটের বিষয় নিয়ে কোনো কথাই বলছে না। তরুণরা এমন হতে পারে না।সরকারকে হুঁশিয়ার করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘মসজিদের তালা-গেট বন্ধ করে শাহবাগিদের পাহারা দিবেন, এটা হতে পারে না। এখনো সময় আছে ঠিক হোন। জনগণ ক্ষেপে সারা দেশ থেকে ঢাকায় আসবে। আলাদা মঞ্চ তৈরি করবে। সেটাই হবে জনতার মঞ্চ।’ তিনি বলেন, ‘শাহবাগিরা রাস্তা বন্ধ করে রেখেছে। এরা আইন মানছে না। মানুষ এই নাস্তিকদের প্রত্যাখ্যান করেছে।’সরকার ‘শাহবাগিদের’ টাকা, খাদ্য, নিরাপত্তা দিয়ে লালন পালন করছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এরা সরকারেরই স্বার্থ রক্ষা করে কাজ করছে।নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দার সম্বন্ধে বিরোধীদলীয় নেতা বলেন, রাজীবের ফেসবুক, ব্লগে এমন লেখা যাতে ধর্মের প্রতি এত অবমাননা করা হয়েছে, যা বলার মতো নয়। তিনি এ সময় বলেন, এসব মঞ্চ-ফঞ্চ বন্ধ করুন। যদি এই মঞ্চ বন্ধ না করেন, তবে কঠিন পরিণতি বরণ করতে হবে।সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, এ সরকারের পায়ের নিচে মাটি নেই। এরা মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে নানা ইস্যু খুঁজছে। সম্প্রতি তারা হিন্দু মন্দির ভেঙেছে। হিন্দুদের ওপর হামলা করেছে। আগামীতে হয়তো মসজিদে হামলা করবে। আর দোষ দেবে আপনাদের (বিএনপির সমর্থক-কর্মীদের)। এ ব্যাপারে আপনারা সজাগ থাকবেন।এর আগে বিকেল পাঁচটা ২০ মিনিটে কালীমন্দির পরিদর্শন করেন খালেদা জিয়া। তিনি সেখানে পৌঁছালে সাবেক মন্ত্রী ও সাংসদ মিজানুর রহমান সিনহা অভ্যর্থনা জানান। সম্প্রতি ওই কালীমন্দিরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি প্রতিমা ভাঙচুর করে। এ সময় খালেদা জিয়া মন্দিরের সেক্রেটারিকে প্রতিমা তৈরির জন্য কিছু অর্থসহায়তা দেন। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গিয়ে মন্দিরকে নতুন করে গড়ে দেবে বলেও জানান খালেদা।তবে, খালেদা জিয়ার মন্দির পরিদর্শনের সময় এটির ফটকে সম্মিলিত সংখ্যালঘুদের ব্যানারে লেখা ছিল, জামায়াত-শিবির ও বিএনপির হাত থেকে সংখ্যালঘুদের রক্ষা করো।