শাহবাগের তরুণদের প্রতিরোধের হঁশিয়ারি খোকার
শাহবাগের তরুণদের জনগণের মনের কথা বোঝার আহ্বান জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা। অন্যথায় প্রয়োজনে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ আন্দোলন গড়ে তোলো হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলের আগে এক সমাবেশে খোকা এসব কথা বলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংসতা ও প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর প্রতিবাদে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে ৫ মার্চ সারা দেশে হরতাল এবং আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করার ঘোষণা দেন খালেদা জিয়া। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলের আগের সমাবেশে সাদেক হোসেন খোকা দাবি করেন, সরকার তাদের বিভিন্ন কেলেঙ্কারি ধামাচাপা দিতে কিছু তরুণকে নিয়ে শাহবাগের আন্দোলন চালাচ্ছে।খোকা দাবি করেন, শাহবাগের আন্দোলনকারীরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁরা সরকারের হালুয়া-রুটি খেয়ে সরকারের তাঁবেদারি করছেন। শাহবাগের তরুণদের জনগণের মনের কথা বোঝার আহ্বান জানান বিএনপির এই নেতা। অন্যথায় প্রয়োজনে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ আন্দোলন গড়ে তোলো হবে বলে হুঁশিয়ার করেন তিনি। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, সরকার বিগত চার বছরের ব্যর্থতা ঢাকার জন্য নতুন করে কৌশল অবলম্বন করতে শুরু করেছে। তারা ধর্মপ্রাণ মুসলমানের ওপর নির্মমভাবে হামলা চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করার চেষ্টা করছে। মির্জা ফখরুল আরও দাবি করেন, ‘গত কয়েক দিনে সরকার পুলিশ লেলিয়ে দিয়ে সাধারণ মানুষ হত্যা করছে। আমরা এ ঘটনার ধিক্কার জানাই। নিন্দা জানাই।’ মির্জা ফখরুল বলেন, ‘যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকা উচিত নয়। তাই আমরা এই সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি।’ একই সঙ্গে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালেরও দাবি জানান তিনি। সমাবেশে বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতাও বক্তব্য দেন। মঙ্গলবারের হরতাল সফল করারও আহ্বান জানান তাঁরা। সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি কাকরাইল, মালিবাগ ও মৌচাক হয়ে মগবাজার গিয়ে শেষ হওয়ার কথা।