শাহবাগের দাবিকে ফ্যাসিবাদের উন্মাদনা বলল জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের আজ অষ্টম দিন। এই আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণী-পেশার মানুষ এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। ঠিক এমনই সময় শাহবাগের আন্দোলনকে ফ্যাসিবাদীর উন্মাদনা বলে মন্তব্য করল জামায়াতে ইসলামী। আজ বুধবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ মন্তব্য করেন।বিবৃতিতে বলা হয়, ‘একতরফাভাবে শাহবাগে সরকারের পৃষ্ঠপোষকতায় ফ্যাসিবাদী উন্মাদনা চলছে। তাদের লক্ষ্য মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে হত্যা করা। প্রধানমন্ত্রীর বক্তব্যেও এ ষড়যন্ত্রের প্রতিধ্বনি হচ্ছে।’সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তরুণদের জমায়েতের নামে শাহবাগে ছাত্রলীগ-যুবলীগ ও নাস্তিকদের সমাবেশ ঘটিয়েছে। তাদের খাবার-দাবার ও যাতায়াতের সুব্যবস্থা করছে। নিরাপত্তার নামে পুলিশ পাহারা বসিয়েছে। একশ্রেণীর মিডিয়া সরাসরি সম্প্রচার করে তাদের ইন্ধন দিচ্ছে। দেশের বুদ্ধিজীবী ও কতিপয় কমিউনিস্ট এবং সুযোগ সন্ধানী ব্যক্তি তাদের উসকানি দিচ্ছে। তরুণদের একটি অংশ বিভ্রান্ত হয়ে স্বার্থবাজদের দ্বারা ব্যবহূত হচ্ছে। আওয়ামী লীগের নেতা, সাংসদ ও মন্ত্রীরা তাদের প্ররোচিত করছেন। স্বয়ং প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তাদের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার কথা ঘোষণা করেছেন। সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন যাতে তীব্র আকার ধারণ করতে না পারে, সে জন্য মানবতাবিরোধী অপরাধের বিচারে ফাঁসির রায় দেওয়ার জন্য তিনি আইনবহির্ভূত বক্তব্য দিচ্ছেন।মুফাসসিরীন, ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও জনতার মঞ্চের ডাকে পল্টন মোড়ে আজ গণজমায়েত করতে না দেওয়া এবং গতকাল মঙ্গলবার জামায়াতের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলে হামলার ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জানিয়েছেন রফিকুল ইসলাম খান।বিবৃতিতে বলা হয়, সরকার দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এমনকি সরকার মানুষের বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার গভীর ষড়যন্ত্র করছে। ‘দৈনিক নয়াদিগন্ত’ পত্রিকার অফিসে ও প্রেসে সন্ত্রাসীদের হামলা এবং ‘আমার দেশ’ পত্রিকার অফিসে হামলার হুমকি থেকেই প্রমাণিত হচ্ছে যে দেশে ফ্যাসিবাদ কায়েমের গভীর ষড়যন্ত্র চলছে।ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নোটিশ ও হুমকি-ধমকি দিয়ে ছাত্রছাত্রীদের শাহবাগের প্রজন্ম চত্বরে যাওয়ার নির্দেশে দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।