শাহবাগের নতুন প্রজন্ম অধিকার আদায় করতে শিখিয়েছে: মিজান
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘কীভাবে নিজেদের অধিকার আদায় করতে হয়, তা শাহবাগ চত্বরে আন্দোলনরত নতুন প্রজন্ম আমাদের শিখিয়েছে।’আজ বুধবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় আদিবাসী পরিষদ, জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত ‘অস্পৃশ্য ও মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন মিজানুর রহমান।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার বিরোধীরা যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাতে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচারের যে আইন আছে, তাতেও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। আমাদের দেশের প্রচলিত আইনেও মৃত্যুদণ্ড রয়েছে।’ মিজানুর রহমান আরও বলেন, মুক্তিযুদ্ধের বিনিময়ে পাওয়া বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য, ভেদাভেদ থাকবে না। ৩০ লাখ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে সমতা, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ক্ষুণ্ন করে এমন অধিকার সংবিধান কাউকে দেয়নি। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি বাবুল রবিদাস।