শাহবাগের পাশাপাশি কলকাতায়ও চলছে স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার লেখক ও বুদ্ধিজীবী সমাজ বাংলাদেশে চলা শাহবাগ আন্দোলনের পক্ষে গতকাল শুক্রবার থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে। এই অভিযান ১৫ দিন চলবে। শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে স্বাক্ষর করেছেন চিত্রপরিচালক মৃণাল সেন, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী চট্টোপাধ্যায়, সাহিত্যিক দেবেশ রায়, কবি শঙ্খ ঘোষ, লেখিকা নবনীতা দেবসেন, কবি কৃষ্ণা বসু, চিত্রকর সমীর আইচ, নাট্যকার চন্দন সেনসহ কলকাতার গুণীজনেরা। কবি কৃষ্ণা বসু প্রথম আলো ডটকমকে জানান, এই স্বাক্ষর সংগ্রহ অভিযান আরও ১৫ দিন চলবে। ইতিমধ্যে ২৫০ জন কবি, সাহিত্যিক, শিল্পীর স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। ওই স্বাক্ষর-সংবলিত একটি চিঠি শাহবাগের আন্দোলনকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। এ ছাড়া ওই চিঠি দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং ভারতের রাষ্ট্রপতির কাছেও পাঠানো হবে। গতকাল শুক্রবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সুধী সমাবেশে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন কলকাতার কবি, সাহিত্যিক, শিল্পী ও বুদ্ধিজীবীরা। সেখান থেকে তাঁরা শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। সমাবেশে উপস্থিত গুণীজনেরা বলেন, ‘একাত্তরের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশের নতুন প্রজন্ম যে আন্দোলন শুরু করেছে, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা তরুণ প্রজম্মের এই আন্দোলনের পাশে আছি এবং থাকব। আমরা বিশ্বাস করি এই আন্দোলনে জয়ী হবে তরুণ প্রজন্ম।’