শাহবাগের প্রতি একাত্ম কলকাতার বামপন্থী ১২ গণসংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে এবার একাত্মতা ঘোষণা করল কলকাতার বামপন্থী ১২টি গণসংগঠন। এ লক্ষ্যে আজ মঙ্গলবার বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস প্রাঙ্গণের মেহেগনি চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে আলোচনা ও সংগীতের মধ্য দিয়ে একাত্মতা ঘোষণা করা হয় শাহবাগ আন্দোলনের প্রতি। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশকেও স্বাগত জানানো হয়। একই সঙ্গে সমাবেশে যোগদানকারী বিশিষ্টজনেরা সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় রাখার প্রত্যয় ঘোষণা করে বলেন, ঢাকার শাহবাগে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াই অব্যাহত থাকবে। শাহবাগ আন্দোলনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় হবে, মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।শাহবাগ নিয়ে নিজের রচিত, সুরারোপিত একটি গান গেয়ে শোনান প্রখ্যাত শিল্পী কাজী কামাল নাসের। এই সমাবেশে আরও সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী পিলু ভট্টাচার্য।এই সমাবেশের আয়োজন করে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআইসহ ১২টি গণসংগঠন। সমাবেশে উপস্থিত হয়ে শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন কলকাতার বিশিষ্টজনেরা। ছিলেন চিত্রপরিচালক তরুণ মজুমদার, চন্দন সেন, আজিজুল হক, অনিন্দিতা সর্বাধিকারী প্রমুখ।