শাহবাগের বিরুদ্ধে ‘আমার দেশ’র অবস্থান অব্যাহত থাকবে: মাহমুদুর রহমান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্ররোচনা দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং হামলা-ভাঙচুরের অভিযোগে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শাহবাগে চারটি ও রমনা থানায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে শাহবাগ ও রমনা থানার পুলিশের পাঁচ কর্মকর্তা বাদী হয়ে এসব মামলা করেন। এদিকে আজ শনিবার সন্ধ্যায় নিজ পত্রিকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান দাবি করেছেন, শাহবাগের নতুন প্রজন্মের সমাবেশকে গণমাধ্যম ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছে। সংবাদ সম্মেলন ডাকলেও এতে সাংবাদিকদের প্রশ্ন করার বিশেষ কোনো সুযোগ না দিয়ে তিনি অবস্থান ত্যাগ করেন।পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান মামলা হওয়ার বিষয় নিশ্চিত করে আজ শনিবার প্রথম আলো ডটকমকে বলেন, প্রতিটি মামলায় ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আসামি করা হয়েছে। এ ছাড়া এসব মামলায় জামায়াতে ইসলামী ও সমমনা ১২ দলের শীর্ষ নেতা ও অজ্ঞাতনামাসহ সাড়ে ছয় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় আসামির তালিকায় আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাংসদ হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলাওয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি মুহাম্মদ আবদুল জব্বার, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মোহাম্মদ ইসহাক, সেক্রেটারি আহম্মদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের শায়খ আবদুল মমিনসহ সমমনা ১২ দলের শীর্ষ নেতা-কর্মীরা।মাহমুদুর রহমানের সংবাদ সম্মেলনসন্ধ্যায় সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান বলেন, ‘আমি যা বলব, তা আপনারা অবিকৃত ছাপবেন কি না বা ছাপার স্বাধীনতা রাখেন কি না, এ বিষয়ে আমার সন্দেহ আছে। টেলিভিশনের মালিক যাঁরা, তাঁদের ওখানে সবকিছু প্রচার করতে পারবেন না।’ শাহবাগের সমাবেশকে ফ্যাসিবাদী উল্লেখ করে তিনি জানান, এর বিরুদ্ধে ‘আমার দেশ’-এর সম্পাদকীয় অবস্থান অব্যাহত থাকবে। ‘শুরুতে আমার পত্রিকায় শাহবাগের সমাবেশকে ফ্যাসিবাদী বলা হয়নি’ বলে দাবি করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘“আমার দেশ” বলেছিল ফ্যাসিবাদের পদধ্বনি। গণমাধ্যম আমার কথা ধরতে পারেনি। তবে সে কথা গত ১৭ দিনে সত্য প্রমাণিত হয়েছে। প্রথমে মৃদু পদধ্বনি ছিল। সেটা এখন বেড়েছে। চট্টগ্রামে পুলিশের সহায়তায় “আমার দেশ” পত্রিকা অফিস আক্রান্ত হয়েছে, দিগন্ত টেলিভিশনের ওপর হামলা হয়েছে। এটা ফ্যাসিবাদ।’মাহমুদুর রহমান বলেন, ‘উল্লেখ করার মতো নয়, শাহবাগের এমন একটি সমাবেশকে গণমাধ্যম বেলুনের মতো ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করেছে। সকল গণমাধ্যম সমর্থন করেছে। তারা সেখানে গণজাগরণ দেখেছে। মিডিয়া শাহবাগে কী দেখাতে চায়? অথচ দু-একটি মিডিয়ার সমালোচনা সহ্য করতে পারেনি। টক শোতে বড় বড় সম্পাদক বলেছেন, কেন আমাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। ডেসটিনির মতো লুটেরাদের টেলিভিশনের বড় কর্তারা আমার বিরুদ্ধে কথা বলে।’ ‘নাস্তিক ব্লগারদের অশ্লীলতার সীমা নেই’ বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘এরা যদি তরুণ প্রজন্ম হয়, তবে এ দেশের ভবিষ্যত্ নিয়ে আমি চিন্তিত।’ মাহমুদুর রহমান বলেন, ‘সরকার এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিয়েছে। এর দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করতে হবে। আদালত কথায় কথায় রুল জারি করে। সুরঞ্জিত সেনগুপ্ত, সাজেদা চৌধুরীকে পর্যন্ত মাফ চাইতে হয়েছে। শাহবাগের ব্লগাররা কি এর ঊর্ধ্বে? শাহবাগ কি প্যারালাল রাষ্ট্র? সে কি গণমাধ্যমের চোখে পড়ে না?’