শাহবাগের মোহনায় সাধারণের স্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ আসছেন শাহবাগে। নানা বয়সের, পেশা-ধর্ম-বর্ণ-শ্রেণীনির্বিশেষে। আসছেন রাজধানীর নানা প্রান্ত থেকে। অনেকে আসছেন দূর জনপদ থেকে। আসছেন কৃষক, আসছেন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ গৃহিণী, মজুর। শাহবাগের দুরন্ত তারুণ্যের লড়াইয়ের খবর পৌঁছেছে সর্বত্র। সেই খবরেই ঢাকার শাহবাগে মানুষের মিলনমেলা।জামালপুরের ইসলামপুরের পচাবাহালা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. সফি মণ্ডল (৫৫)। গতকাল সোমবার ভোরে ট্রেনে করে গ্রামের আরও পাঁচজনকে সঙ্গে নিয়ে এসেছেন সরাসরি শাহবাগে দুপুর ১২টা নাগাদ। যখন দেখা হলো তখন দুপুর গড়িয়ে গেছে। পরনে লুঙ্গি, খালি পা। কী খাবেন, কোথায় থাকবেন এমন প্রশ্নের জবাবে বললেন, ‘আল্লাহ যা মিলাইবো তাই খামু। কুনু চিন্তা নাই।’ জানালেন, ঢাকায় কোনো আত্মীয় নেই তাঁর বা সঙ্গের কারোরই। রাতটা শাহবাগে কাটিয়ে আজ মঙ্গলবার সকালেই রওনা হবেন এলাকায়। শাহবাগের আন্দোলনে নেতৃত্বে আছেন তরুণেরা, জানেন সফি মণ্ডল। বললেন, ‘নফল এবাদত করছি তাগোর জন্য, দ্যাশের জন্য। ওরা বড় হোক।’ মো. আলমগীর হোসেন রাজধানীর শান্তিনগরের পানের দোকানি। যেদিন থেকে শাহবাগে আন্দোলন শুরু হয়েছে, সেদিন থেকেই টিভি দেখে এখানে আসার ইচ্ছা। একাই দোকান করেন, সাহায্য করার কেউ নেই। গতকাল পাড়ার একটি ছেলেকে দোকানের দায়িত্ব দিয়ে ছুটে এসেছেন শাহবাগে। কাদের মোল্লার মতো অপরাধীর ফাঁসি না হয়ে যাবজ্জীবনের রায়ে ভয়ানক কষ্ট পেয়েছিলেন তিনি। এখন তাঁর মনে হচ্ছে, ‘ছেলেমেয়েরা কিছু একটা করতে পারব।’ গ্রামের তরুণদের প্রায় সবাই একাত্তরে যুদ্ধে গিয়েছিলেন। যেতে পারেননি বলে খেদ ছিল মুন্সিগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়নের ড্যাকরাপাড়া গ্রামের কৃষক খোরশেদ আলমের (৬৫)। শাহবাগের আন্দোলন দেখে মন ভরে গেছে তাঁর। তাঁর মতে, কাদের মোল্লার রায় কখনোই ঠিক হয়নি। বললেন, ‘ছয়টার মধ্যে পাঁচটা কারেক্ট পাইছে। এমুন মানুষের ফাঁসি হয় না কিয়ের লাইগ্যা বুঝি না।’রাজধানীর মধুবাজারের ফলের দোকানি বাদশা শেখ (৪৮) তিন দিন ধরে একবার করে শাহবাগে আসেন। এখানে এসেই মূল মঞ্চের ভিড়ে ঢুকে পড়েন। স্লোগান ধরেন সবার সঙ্গে। একাত্তরের ঝাপসা স্মৃতিতে যেসব স্লোগান মনের মধ্যে উঁকি দেয়, তা এখন শুনে মন ভালো হয়ে যায় তাঁর। এ জন্যই আসা। একাত্তরে নয় মাস বয়স ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার কোহিনূর বেগমের। মুক্তিযুদ্ধের কাহিনি শুনেছেন বয়সীদের কাছে। কোহিনূর বলছিলেন, ‘যা শুনছি তাতে রক্ত টগবগ্যাইয়া ওঠে। আমাগো মা-বোনগো বেইজ্জত করছে যারা, হেরা শাস্তি পাইব না এইটা কেমুন বিচার?’ তিন দিন ধরে তাঁর একটাই রুটিন। শাহবাগে আসেন দুপুরে। রাত ১২টা পর্যন্ত থাকেন। তারপর বাসে ঘরে ফেরা। দুই সন্তানের জননী ঘরের কাজ সেরে আবার শাহবাগমুখী। সঙ্গী তাঁর বোন সেলিনা। স্লোগানে মুখর শাহবাগে কখনো কানে ভেসে আসে, ‘তোমার আমার ঠিকানা, শাহবাগের মোহনা।’ জনস্রোতের ধারায় সেই মোহনায় মিলেছেন লক্ষ্মীপুরের শিবরামপুর গ্রামের ডাকপিয়ন মো. আনিসুজ্জামান। টিভিতে যা দেখেছিলেন বাস্তব তার চেয়ে অন্য রকম। এই ‘অন্য রকম লড়াইয়ে’ আরও কয়েকটা দিন থাকার ইচ্ছা তাঁর।