শাহবাগের সঙ্গে একাত্ম কলকাতার কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন কলকাতার কবি, সাহিত্যিক, শিল্পী ও বুদ্ধিজীবীরা। এ লক্ষ্যে আজ বুধবার বিকেল পাঁচটার দিকে কলকাতার একাডেমি অব আইন আর্টস প্রাঙ্গণের মেহগনি চত্বরে আয়োজন করা হয় এক সমাবেশের।জেগে আছে শাহবাগ, পাশে আছে কলকাতা—এই শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে কলকাতার ভাষা ও চেতনা সমিতি। সমাবেশে কবিতা, গান, আবৃত্তি আর প্রবন্ধ পাঠের মধ্যদিয়ে একাত্মতা ঘোষণা করা হয় শাহবাগ আন্দোলনের প্রতি। অনুষ্ঠানের সূচনা করেন ভাষা ও চেতনা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমানুল হক। এরপর শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সংগীত পরিবেশন ও আবৃত্তিতে অংশ নেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, শিল্পী পিলু ভট্টাচার্য, কবি সুবোধ সরকার, সব্যসাচী দেব, পংকজ সাহাসহ কলকাতার বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে আরও অংশ নেন কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র বিকাশ ভট্টচার্য, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, প্রখ্যাত চিত্রকর সমীর আইচ প্রমুখ। উদ্বোধনী গণসংগীত পরিবেশন করে কলকাতার ব্যান্ডদল দোহার। শাহবাগ আন্দোলনকে নিয়ে একটি বিবৃতি পড়ে শোনান ইমানুল হক। বিবৃতিতে তিনি বলেন, ‘শাহবাগ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে এপার বাংলার এই সংস্কৃতি। নতুন প্রজন্মের দেশপ্রেম বাংলাদেশের তরুণ-তরুণীসহ সব স্তরের মানুষকে দিশা দেখাচ্ছে। আমরাও চাই যুদ্ধাপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’