শাহবাগের সঙ্গে একাত্ম সংসদ
জাতীয় সংসদ থেকে গণজাগরণের কেন্দ্রস্থল শাহবাগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলা হয়েছে, নব প্রজন্মের মুক্তিযোদ্ধাদের জন্ম হয়েছে। আজ রোববার সংসদ অধিবেশনের শুরুতেই শাহবাগের প্রতিবাদ নিয়ে অনির্ধারিত আলোচনার শুরু হয়। এই আলোচনার শুরু করেন আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘শাহবাগ চত্বরে নতুন প্রজন্ম গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছে। তাদের এই দাবি জাতির দাবিতে পরিণত হয়েছে। তাদের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি।’আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আঁতাত করেছে বলে যে সমালোচনা করা হচ্ছে, তার জবাবে শেখ সেলিম বলেন, ‘আওয়ামী লীগ কোনো আঁতাত ও ষড়যন্ত্রের রাজনীতি করে না। শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন বলেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।’বিরোধীদলীয় নেতার উদ্দেশে শেখ সেলিম বলেন, ‘নিজামীর সঙ্গে মীর জাফর হইয়েন না। আপনারও একই পরিণতি হবে। পালানোর জায়গা পাবেন না। এখনো ঠিক না হলে, যুদ্ধাপরাধীদের সহায়তার জন্য আপনারও বিচার হবে। সব ছেড়ে দিয়ে জনগণের কাতারে আসেন। ষড়যন্ত্র পরিহার করুন। অনেক অপকর্ম করেছেন।’জাতীয় পার্টির মুজিবুল হক বলেন, ‘আমরা ৪২ বছরে যা করতে পারিনি, তা এই প্রজন্মের ডাকে এক হয়েছে। অবিলম্বে আইন পরিবর্তন করে দুর্বল প্রসিকউশনে যেন পরিবর্তন আনা হয়।’ সংসদের একটি প্রতিনিধিদল শাহবাগে পাঠানোর জন্যও প্রস্তাব করেন মুজিবুল হক।জাতীয় সমাজতান্ত্রিক দলের মাইনুদ্দিন খান বাদল বলেন, ‘১৯৭১ আবার জন্ম নিয়েছে। নব প্রজন্মের মুক্তিযোদ্ধাদের পুনর্জন্ম হয়েছে। ওদের (বিরোধী দল) সঙ্গে কুতর্ক করে লাভ নেই। যা সিদ্ধান্ত নেওয়ার তা রাস্তায় নেবে।’মাইনুদ্দিন খান আরও বলেন, ‘জামায়াত একমাত্র দল যারা দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সময় এসেছে এই বিষধর সাপকে তার যথাযথ নিয়তির দিকে পাঠানোর।’বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যে তরুণদের আমরা হিসাবে আনিনি, সেই তরুণেরা দায়িত্ব নিয়ে এসেছে আমাদের অসমাপ্ত কাজ শেষ করতে। সংসদ থেকে একটি দল গিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করা উচিত।’ শাহবাগের গণজাগরণকে অভিনন্দন জানিয়ে ফজলুল আজিম বলেন, ‘প্রজন্ম চত্বরে যা হচ্ছে, তা প্রকৃত অর্থেই জনগণের আন্দোলন। এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের উত্সাহ দেখানো ঠিক হবে না।’ তখনই সরকার দলীয় সাংসদেরা হই হই করে প্রতিবাদ করেন।তখন ফজলুল আজিম বলেন, ‘এই বিচার নিয়ে সারা জাতি একমত। বিচারটিকে স্বচ্ছ করুন। বিচারটি নিয়ে যেন রাজনীতিকরণ না হয়। এই বিচার কোন প্রশ্নবিদ্ধ হলো, তা দেখতে হবে।’ফজলুল আজিমের এই বক্তব্যের গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, হুইপ আ স ম ফিরোজসহ অনেকেই প্রতিবাদ জানান।বিকেল সোয়া পাঁচটার দিকে অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী স্বতন্ত্র সাংসদকে বসার অনুরোধ জানান। একপর্যায়ে তাঁর মাইক বন্ধ করে দেন। ফ্লোর দেন ফজিলাতুন্নেসা বাপ্পিকে।মিনিট খানেক স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাইক ছাড়া বক্তব্য দেন ও ওয়াকআউটের প্রস্তুতি নিয়েও ফিরে আসেন নিজের আসনে।পরে আরও ক্ষুব্ধ হয়ে মাইক বন্ধ রাখার প্রতিবাদে ফাইল ছুড়ে ওয়াকআউট করেন আজিম।তারানা হালিম বলেন, ‘আমরা জাতীয় সংসদে শারীরিকভাবে আছি। কিন্তু, আত্মা পড়ে আছে শাহবাগে। তিনি বলেন, ‘তাদের সঙ্গে গলা মিলিয়ে বলতে হবে, জামায়াতে ইসলাম মেড ইন পাকিস্তান। জামায়াতে ইসলাম মেড ফর পাকিস্তান।’এই অনির্ধারিত আলোচনায় আরও অংশ নেন আব্দুল মান্নান, খান টিপু সুলতান, শাহীন মনোয়ারা হক, চেমন আরা বেগম, মোশাররফ হোসেনসহ কয়েকজন সাংসদ।