শাহরিয়ার কবির দেখা করায় মামলায় প্রভাব পড়বে না
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আইনজীবী ট্রাইব্যুনাল-২-এর বিচারকদের মামলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য যে আবেদন করেছিলেন, তা খারিজের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলার দুই সাক্ষী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির ও শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূরসহ আরও কয়েকজন ট্রাইব্যুনাল-২-এর বিচারকদের সঙ্গে দেখা করেন। এতে আসামিপক্ষের আইনজীবী বিচারকদের ওই মামলা পরিচালনা থেকে বিরত থাকার আবেদন জানান। আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ তা খারিজের আদেশ দেন। প্রথমে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক যুক্তি উপস্থাপন করে বলেন, শাহরিয়ার কবির ও শাহীন রেজা নূর দুজনই আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিপক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষী। তাঁরা ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে দেখা করার ফলে এ মামলার বিচারের কার্যক্রম প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, বিচারকদের সঙ্গে দেখা করার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং এরপর তাঁরা একটি সংবাদ সম্মেলন করে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ জনের বিচার ২০১৩ সালের মধ্যে শেষ হবে বলে উল্লেখ করেছেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষ সাক্ষীদের যে তালিকা দিয়েছে তা যদি ঠিক রাখা হয় তাহলে ২০১৩ কেন ৩০১৩ সালেও এ মামলার কার্যক্রম শেষ হবে না।পাল্টা যুক্তি দিতে এসে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হায়দার আলী বলেন, শাহরিয়ার কবির কেবল এই ট্রাইব্যুনালেই নয় সারা বিশ্বের বিভিন্ন দেশের ট্রাইব্যুনালে গিয়েছেন। তাই এই ট্রাইব্যুনাল পরিদর্শন করার ফলে কোনো ক্ষতি হয়নি। তিনি (শাহরিয়ার কবির) ও শাহীন রেজা নূর গণমাধ্যমের সামনে মামলার কার্যক্রম নিয়ে কোনো কথা বলেননি, এমনকি মামলার প্রক্রিয়া নিয়েও কোনো ধরনের মন্তব্য করেননি। তাঁরা ট্রাইব্যুনালের নিরাপত্তা, অবকাঠামোগত সমস্যা, নারীদের জন্য আলাদা টয়লেট সংযোজন করা নিয়ে কথা বলেছেন। এখানে প্রয়োজনীয় নিরাপত্তা না থাকলে কেবল রাষ্ট্রপক্ষ ও বিচারকেরা ক্ষতিগ্রস্ত হবেন না, এর সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরাও ক্ষতিগ্রস্ত হবেন। তাই নিরাপত্তা নিয়ে তিনি যেসব কথা বলেছেন তাতে ক্ষতি নেই।উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশ দেন। আদেশে ট্রাইব্যুনাল বলেন, শাহরিয়ার কবির ও শাহীন রেজা নূর তাঁদের সঙ্গে মামলার সাক্ষী হিসেবে দেখা করেননি। তাঁরা শহীদ পরিবারের সন্তান হিসেবে দেখা করেছেন। এ ছাড়া তাঁরা মামলার বিষয়ে কোনো ধরনের কথা বলেননি। ট্রাইব্যুনালের নিরাপত্তা, অবকাঠামোগত সমস্যা নিয়ে কথা বলেছেন। তাই এর ফলে মামলা কোনোভাবে প্রভাবিত হয়নি বলে মনে করেন ট্রাইব্যুনাল। সবশেষে আবেদন খারিজের আদেশ দেন ট্রাইব্যুনাল।