শাহরিয়ার রশিদ, ফারুক রহমান ও বজলুল হুদার দাফন সম্পন্ন
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বঙ্গবন্ধুর তিন খুনি কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খান, লে. ক. (অব.) সৈয়দ ফারুক রহমান ও মেজর (অব.) বজলুল হুদার লাশের দাফন আজ বৃহস্পতিবার নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে।মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বঙ্গবন্ধুর পাঁচ খুনির অন্যতম কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের লাশ আজ বৃহস্পতিবার ভোরে তাঁর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে দাফন করা হয়েছে।গত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তাঁর লাশ গোপীনাথপুরে পৌঁছায় ভোর সাড়ে ছয়টায়। শাহরিয়ার রশিদ খানের লাশ গ্রহণ করেন তাঁর ছেলে আশরাফুল রশিদ খান। তাঁর লাশ একনজর দেখার জন্য সেখানে শত শত উত্সুক জনতা ভিড় করে। সকাল সাতটা ২০ মিনিটে শাহরিয়ার রশিদ খানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর লাশ সাড়ে সাতটায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। শাহরিয়ার রশিদ খানের জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হাইয়ুল কাইয়ুম, অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গনি, নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিকুলীন চাকমা, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, আখাউড়া থানার ওসি হাম্মাদ হোসেন ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে এক প্রতিক্রিয়ায় গোপীনাথপুর গ্রামের আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম খান প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর একজন খুনি গোপীনাথপুরের অধিবাসী হওয়ায় আমরা সকলে কলঙ্কিত ছিলাম। জাতির জনকের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হওয়ার মাধ্যমে আমরা এই কলঙ্ক থেকে মুক্ত হলাম।’মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বঙ্গবন্ধুর অপর খুনি লে. ক. (অব.) সৈয়দ ফারুক রহমানের দাফন আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁর গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার মারমা মল্লিকপুর গ্রামে সম্পন্ন হয়েছে। সৈয়দ ফারুক রহমানের লাশের সঙ্গে নওগাঁ যান তাঁর মা মাহমুদা রহমান, বোন ইয়াসমীন রহমান ও ভগ্নিপতি আশফাকুর রহমান। আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে ফারুক রহমানের লাশ তাঁর চাচাতো ভাইয়ের কাছে হস্তান্তর করেন ঢাকার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অপর খুনি মেজর (অব.) বজলুল হুদার লাশের দাফন আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর পারিবারিক গোরস্থানে সম্পন্ন হয়েছে। তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে লাশ পৌঁছায় সকাল নয়টা ১০ মিনিটে। বজলুল হুদার লাশের সঙ্গে হাটবোয়ালিয়া যান তাঁর স্ত্রী নাফিজা হুদা, কন্যা আলিফা হুদা ও বড় ভাই কামরুল হুদা। বজলুল হুদার লাশ তাঁর বোন মাহফুজা পাশা ও ছোট ভাই নূরুল হুদার কাছে হস্তান্তর করেন ডিএমপির এসআই মইনুল হোসেন।