শাহরুখ অসুস্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিনে বসেছে ৬২তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের আসর। এ উত্সবে ১১ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে শাহরুখ খান অভিনীত বলিউডের ছবি ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’। বার্লিন উত্সবে সশরীরে হাজির হতে চেয়েছিলেন শাহরুখ। যাওয়ার জন্য সব রকম প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন। কিন্তু বাদ সেধেছে তাঁর শারীরিক অসুস্থতা। শেষ পর্যন্ত উত্সবে যোগ দিতে পারেননি বলিউডের প্রখ্যাত এ অভিনেতা। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় শাহরুখ জানিয়েছেন, ‘ওহ, জ্বর আর কমছেই না। প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছি। জ্বরটাকে ঝেঁটিয়ে বিদায় করতে বিশ্রাম নিতে হবে। শরীর সায় না দেওয়ায় বার্লিন উত্সবে যেতে পারলাম না। খুব খারাপ লাগছে।’টুইটারে শাহরুখ আরও লিখেছেন, ‘উত্সবে আমার তিনজন প্রতিনিধির উদ্দেশে বলছি, ১. সব সময় ‘ডি’ ট্যাটু লাগিয়ে রাখতে হবে। ২. ভুলেও ইনার ওয়ার্মার পরা যাবে না। ৩. মাথার ওপর হাত তুলে নাচা যাবে না।’‘ডন ২’ ছবিটি পরিচালনা করেছেন ফারহান আখতার। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, প্রিয়াংকা চোপড়া, লারা দত্ত, কুনাল কাপুর, ওম পুরি প্রমুখ। গত বছরের ২৩ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে টুডি এবং থ্রিডি ফরম্যাটে মুক্তি পেয়েছে ছবিটি। ইতিমধ্যেই বলিউডের ছবি হিসেবে ভারতের বাইরে এযাবত্ কালের সবচেয়ে বেশি আয় করা ছবির রেকর্ড গড়েছে ডন ২।