শাহরুখ-ঐশ্বরিয়ার ‘হ্যাপি বার্থ ডে’!
মা হতে গিয়ে অভিনয়ে বেশ বড় একটা ছেদ পড়েছে বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের। এ সময় হাতছাড়া হয়ে গেছে মাধুর ভান্ডারকারের ‘হিরোইন’-এর মতো ছবিতে অভিনয়ের সুযোগও। তবে ফুটফুটে একটি মেয়ের জন্ম দেওয়ার পর আবারও অভিনয়ে ফেরার কথা ভাবছেন তিনি। সম্প্রতি টিএনএন এক খবরে জানিয়েছে, শাহরুখ খানের সঙ্গে ‘হ্যাপি বার্থ ডে’ নামের একটি সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর ছবিতে অভিনয়ের মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন অ্যাশ।হ্যাপি বার্থ ডে ছবিটি পরিচালনা করবেন শ্রীরাম রাঘবন। পরিচালক রাঘবন অবশ্য অনেক আগেই এ ছবিটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তাতে ঐশ্বরিয়া রাই ও জন আব্রাহামকে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর পরিকল্পনা সে সময় আলোর মুখ দেখেনি। সম্প্রতি হ্যাপি বার্থ ডে ছবিটির চিত্রনাট্য আরো ঘষে-মেজে শাহরুখ ও ঐশ্বরিয়ার জন্য নতুন করে সাজিয়েছেন তিনি। নতুন চিত্রনাট্য নিয়ে অ্যাশের সম্মতির অপেক্ষাতেই আছেন রাঘবন। যে পরিস্থিতিতে পড়ে হিরোইন ছবির কাজ হাতছাড়া করতে হয়েছিল ঐশ্বরিয়াকে, তাতে বলিউডে প্রত্যাবর্তনের জন্য তাঁকে গুরুত্বপূর্ণ কোনো চরিত্রেই অভিনয় করতে হবে। মা হওয়ায় দীর্ঘদিন ধরে বড় পর্দায় তাঁর অনুপস্থিতির কারণে শাহরুখের সঙ্গে এ ছবিতে জুটি বাঁধা তাই ঐশ্বরিয়ার জন্য একটি বড় সুযোগ। এ কারণে তাই অনেকেই বলছেন, অভিনয়ের মাধ্যমে অ্যাশের ফেরার মঞ্চটা এখন প্রস্তুত।