শাহরুখ ও সালমানের মধ্যে ফের বন্ধুত্ব
সালমান খানের উচ্চাভিলাষী ইতিহাসনির্ভর ছবি ‘বীর’এর প্রশংসা করেছেন তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শাহরুখ খান। সালমান শাহরুখের নতুন ছবি ‘মাই নেইম ইজ খানের’ উচ্ছ্বসিত প্রশংসায় মাতায় শাহরুখের মুখেও এখন তাঁর প্রতিদ্বন্দ্বীর গুণের প্রশংসার ফুলঝুড়ি! আর এসব করা হয়েছে তাঁদের অভিন্ন বন্ধু করণ জোহরের কাছে।মুম্বাই মিররের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, সালমানই প্রথম শাহরুখের সঙ্গে নিজের শীতল সম্পর্ক অবসানের পদক্ষেপ নেন। সম্প্রতি শাহরুখ প্রযোজিত ‘মাই নেইম ইজ খান’এর প্রোমো দেখে সালমান খুশি হয়ে ছবিটির পরিচালক ও তাদের বন্ধু করণ জোহরকে ফোন করেন ও ছবিটির প্রশংসা করেন। এরপর এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখও সালমান খানের নতুন ছবি ‘বীর’ এর প্রশংসা করে বলেন, এমন একটি ছবিই এ বছর তিনি দেখবেন বলে আশা করেছিলেন। এ ঘটনার আগে সালমান ও শাহরুখ বলিউডের আরেক খান আমির খানের নতুন ছবি ‘থ্রি ইডিয়টস’এর প্রিমিয়ার অনুষ্ঠানে মুখোমুখি হন। তবে কয়েক বছর পরের সেই অনুষ্ঠানে তাঁদের মধ্যে কোনো কথা হয়নি। এমনকি সৌজন্যমূলক কুশল বিনিময়ও হয়নি।