শাহরুখ-গৌরি শান্তি ‘দূর অস্ত’!
অল্প-স্বল্প ধোঁয়া উড়লেও গৌরি-শাহরুখের সংসারে অশান্তির যে আগুন জ্বলেছিল প্রিয়াংকা চোপড়াকে নিয়ে, তা খানিক নিভু নিভু হয়ে এসেছে বলেই সবাই মনে করেছিলেন। শুধু বি-টাউনেই নয় সবার কাছেই একজন অসাধারণ ‘ফ্যামিলি ম্যান’ বলেই শাহরুখ পরিচিত। সন্তান আর পরিবারের সদস্যদের প্রতি তাঁর অকুণ্ঠ ভালোবাসা নিয়ে কারোর মনেই কোনো সন্দেহ ছিল না। কিন্তু বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে নিয়ে গৌরি-শাহরুখ দ্বন্দ্ব আর মন কষাকষি, প্রিয়াংকাকে পারিবারিক অনুষ্ঠানগুলোতে অবাঞ্ছিত করায় শাহরুখ খান ও গৌরি খানের মধ্যকার সেই অশান্তি ইদানীং নাকি আরও বেড়েছে।টিএনএন এক খবরে জানিয়েছে, সম্প্রতি শাহরুখ-গৌরির এ দ্বন্দ্বের আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং প্রিয়াংকা। গৌরি খানের ঘনিষ্ঠ বান্ধবী নিলম কোঠারিকে প্রিয়াংকা চোপড়া নাকি অপমান করেছেন! আর এতেই নাখোশ হয়েছেন গৌরি। খবর রটেছিল শাহরুখ-প্রিয়াংকাকে নিয়ে সব চলতি গুজবই নাকি নিলম পৌঁছে দিতেন প্রিয় বান্ধবী গৌরির কানে। বিষয়টি জানতে পেরেই নাকি প্রিয়াংকা চোপড়া নিলমকে দুষেছেন। আর এর পরপরই গৌরির এ অসন্তোষ।শাহরুখের এক ঘনিষ্ঠ বন্ধুর মন্তব্য উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এসব গুজবের কোনো ধরনের প্রভাবই শাহরুখ খান তাঁর পরিবারের ওপর পড়তে দেবেন না। শাহরুখ-গৌরির অসাধারণ সংসারের সুনাম অক্ষুণ্নই থাকবে। কিন্তু ভাব-গতিক দেখে অনেকেই মন্তব্য করছেন, শাহরুখ-গৌরি? শান্তি দূর অস্ত।