শাহরুখ চুপ, কুন্দার স্থির, সরগরম বলিউড!
বলিউডের ছবি নির্মাতা সিরিশ কুন্দারের গায়ে হাত তোলার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। যদিও শোরগোল তোলা এ ঘটনার পর মাইক্রোব্লগ টুইটারে শাহরুখ বেশ কয়েকটি টুইট করেছেন। কিন্তু টুইটে গতকালের ঘটনাটির কোনো উল্লেখই নেই! বরং কী করছেন বা তাঁর অন্যান্য কাজের তথ্যই টুইট করেছেন তিনি। মারপিটের বিষয়টি নিয়ে একদম চুপচাপই রয়েছেন শাহরুখ খান। এদিকে পরিচালক সিরিশও শাহরুখের বিরুদ্ধে এফআইআর বা পুলিশের কাছে কোনো অভিযোগও করেননি। বরং বিষয়টি এড়িয়ে স্থিরই রয়েছেন তিনি। অবশ্য শাহরুখ চুপ, কুন্দার স্থির থাকলেও বলিউডের টিনসেল কিন্তু চুপ করে নেই। ঠিক কী কারণে শাহরুখ খান নির্মাতা সিরিশ কুন্দারের গায়ে হাত তুলেছেন, তা নিয়ে শাহরুখের ভক্তরা টুইটারে অসংখ্য টুইট করছেন। কেউ কেউ তাঁর পক্ষও নিচ্ছেন। শাহরুখের পক্ষে টুইট করেছেন এস-এর ফটোগ্রাফার ডাব্বু রত্নানি। টুইটে ডাব্বু লিখেছেন, ‘সঞ্জয়ের পার্টিতে আমিও উপস্থিত ছিলাম। কোনো পক্ষপাতিত্ব না করেও আমি শাহরুখকে পুরো সমর্থন করছি।’শাহরুখের পক্ষে দাঁড়িয়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেলও। আমিশা টুইট করেছেন, ‘শাহরুখ সম্মানিত ব্যক্তি। সম্মানহানি হয় এমন কিছু তিনি করতে পারেন না। তিনি একজন নিপাট ভদ্রলোক। তাই লোকজন এভাবে তাঁকে বলে যাচ্ছে। তবুও চুপ রয়েছেন তিনি। তিনিও মানুষ, তাঁরও অপমানবোধ রয়েছে।’এদিকে, শাহরুখের বিরুদ্ধে এফআইআর করতে পারেন নির্মাতা কুন্দার, এমন গুজবের জবাবে সিরিশ জানিয়েছেন, ‘তাঁর বিরুদ্ধে এফআইআর করার কোনো ইচ্ছা আমার নেই।’ অবশ্য ঘটনার পর থেকে এখন পর্যন্ত শাহরুখ খান সিরিশকে কোনো ফোন করেননি বা ক্ষমা চাওয়ার কোনো ইঙ্গিতও দেননি বলেই জানিয়েছে টিএনএন।উল্লেখ্য, গতকাল সোমবার ‘অগ্নিপথ’ ছবির সাফল্যে সঞ্জয় দত্তের দেওয়া এক পার্টিতে মারমুখো শাহরুখ বলিউডের চলচ্চিত্র নির্মাতা সিরিশ কুন্দারের চুল ধরে টেনে তাঁকে মাটিতে ফেলে দিয়েছিলেন।