শাহরুখকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসমক্ষে ধূমপানের অভিযোগে সম্প্রতি জয়পুর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে বলিউডের অভিনেতা শাহরুখ খানকে। ধূমপান ছাড়ার শত চেষ্টা সত্ত্বেও কোনোভাবেই এই আসক্তি থেকে বেরোতে পারছেন না শাহরুখ। চলতি মাসের শুরুর দিকে জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার আইপিএল ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন কিং খান। সেখানে জনসমক্ষে ধূমপান করার কারণে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন আনন্দ সিং রাঠোর নামের এক ব্যক্তি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৮ এপ্রিল শনিবার জয়পুর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শাহরুখকে। দোষী প্রমাণিত হলে ৫০০ ভারতীয় রুপি জরিমানা গুণতে হবে ৪৬ বছর বয়সী এই অভিনেতাকে। শাহরুখের মতো তারকার জন্য এই সামান্য অঙ্কের জরিমানা দেওয়াটা হয়তো কোনো বিষয়ই না, কিন্তু এতে তাঁর সম্মানের যে হানি হবে সেটা একজন তারকার জন্য মোটেও কাম্য নয়। শাহরুখ আজ সশরীরে আদালতে হাজির হবেন নাকি প্রতিনিধি পাঠাবেন তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। এক খবরে এমনটিই জানিয়েছে টিওআই। জয়পুরে একটি ক্রিকেট একাডেমি চালান আনন্দ সিং। শাহরুখের বিরুদ্ধে অভিযোগে তিনি বলেছেন, ‘শাহরুখ ভক্তরা তাঁকে অন্ধ অনুকরণ করেন। কাজেই, এটা খুবই স্বাভাবিক যে জনসমক্ষে সিগারেট ধরানোয় এটা শাহরুখের তরুণ ভক্তদের ওপর বাজে প্রভাব ফেলবে।’