শাহরুখের উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলা হচ্ছে, ‘রা ওয়ান’ শাহরুখ খানের ‘ম্যাগনাম ওপাস’। বলিউডের এ তারকাও হয়তো এই ছবিটিকেই জীবনের সেরা কাজ হিসেবেই মানবেন। তবে রা ওয়ান ছবির ভালো-মন্দ নিয়ে তর্ক চলছে দর্শকদের আড্ডায়। কারও চোখে শাহরুখ সুপার হিরো, কারও কাছে ফ্লপ। তবে কিং খান বরাবরই সঙ্গী-সাথীদের কাছে সুপার হিরো হয়েই থাকতে পছন্দ করেন। আর তাই প্রায়ই শোনা যায়, কাছের অমুক বন্ধুকে বড় এক উপহার দিয়েছেন শাহরুখ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রা ওয়ান ছবির ব্যবসায়িক সাফল্যের খুশিতে অর্জুন রামপাল, রজনীকান্ত এবং পরিচালক অনুভব সিনহাকে তিনটি ঝাঁ চকচকে বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়ি উপহার দিচ্ছেন এ তারকা। এ ছাড়া আরও দুজনকেও নাকি একই উপহার দেবেন বলে ঠিক করে রেখেছেন তিনি। কিন্তু সৌভাগ্যবান বাকি দুজনের নাম এখনো জানা যায়নি। বলিউড হাঙ্গামা নিউজ নেটওয়ার্ক।