শাহরুখের চেয়ে ১ রুপি হলেও বেশি চান সালমান
বলিউডের মহাপ্রতাপশালী দুই খান—সালমান ও শাহরুখের চির প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নতুন কিছু নয়। সম্প্রতি আবারও এর প্রমাণ মিলল পারিশ্রমিক নিয়ে শাহরুখকে জড়িয়ে সালমানের অদ্ভুত এক চাওয়ার মধ্য দিয়ে।১০০ কোটি ভারতীয় রুপিরও বেশি ব্যবসা করেছে এমন হিন্দি ছবি উপহার দিয়েছেন সালমানই বেশি। অর্থের মানদণ্ডে সাফল্যের ঝুলি যাতে এগিয়ে থাকে সেই লক্ষ্যেই বুঝি এবার চিরপ্রতিদ্বন্দ্বী শাহরুখের চেয়ে ১ রুপি হলেও বেশি পারিশ্রমিক দাবি করলেন সালমান। কয়েক দিন আগে বলিউডের চিত্রনির্মাতা আদিত্য চোপড়া তাঁর পরবর্তী ছবিতে সালমানকে কাজের প্রস্তাব দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি সালমান তাঁর খামারবাড়িতে ডেকেছিলেন আদিত্যকে। পারিশ্রমিকের আলোচনা উঠলে সালমান সাফ জানিয়ে দেন, শাহরুখ যে পারিশ্রমিক পান তার চেয়ে অন্তত ১ রুপি বেশি পারিশ্রমিক না হলে কাজ করবেন না তিনি।চোপড়াদের ছবিতে বরাবরই প্রাধান্য পেয়ে এসেছেন শাহরুখ। তবে এবার সালমানের প্রস্তাবে আদিত্য রাজি হয়ে গেলে পুরোনো সেই সমীকরণ হয়তো বদলে যেতে পারে। সালমানের এমন অদ্ভুত দাবির পরিপ্রেক্ষিতে অনেকেই মন্তব্য করেছেন, ১ রুপি হয়তো বেশি কিছু নয়, তার পরও চিরপ্রতিদ্বন্দ্বী বলিউডের তারকাদের মধ্যে একে অপরকে ছাপিয়ে যেতে পারিশ্রমিকের অঙ্ক যে বড় একটা ভূমিকা পালন করে তা আবারও প্রমাণ করলেন সালমান। রাজ কাপুরের সময় থেকে শুরু করে দেব আনন্দ, রাজেশ খান্না ও অমিতাভ বচ্চন—বলিউডের এসব মহারথীর প্রত্যেকেই রুপালি পর্দায় এবং বাস্তব জীবনে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দক্ষিণের তারকাদের মধ্যেও পারিশ্রমিকের ক্ষেত্রে এ ইঁদুর দৌড়ের বিষয়টি রয়েছে।