শাহরুখের পক্ষে ব্যাটিংয়ে মমতা ও লালু (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচ বছরের নিষিদ্ধ হওয়া শাহরুখ খানের পক্ষে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ শুক্রবার মমতা শাহরুখের পক্ষ নিয়ে বলেছেন, ‘শাহরুখ তাঁর ছেলেমেয়েদের নিয়ে স্টেডিয়ামে গিয়েছিলেন। সেখানে যা-ই ঘটুক, সেটা ছিল কেবল কিছুটা ভুল বোঝাবুঝি মাত্র।’ একই দাবি করেছিলেন শাহরুখ খানের নিজেরও। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে শাহরুখ খানের একজন ভক্ত বলে মনে করেন। পাশাপাশি শাহরুখ খান পশ্চিমবঙ্গ সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এমসিএ কর্তৃপক্ষকে এই বিষয়টি আরেকবার বিবেচনা করে দেখার আবেদন করেছেন মমতা। আরজেডি দলের প্রধান লালু প্রাসাদ যাদবও মমতার সুরে কথা বলেছেন। শাহরুখ খানের ঘটনায় তিনি আইপিএল বন্ধ করে দেওয়ার দাবি করেছেন। রাজনীতিবিদরা ছাড়াও বলিউড তারকারাও শাহরুখের পক্ষে টুইটারে ঝড় তুলেছেন। পরিচালক করন জোহর, অভিনেত্রী সেলিনা জেটলিসহ আরো অনেকেই শাহরুখের পক্ষে টুইট করেছেন।আজ সকালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড তারকা শাহরুখ খানের প্রবেশের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) কর্তৃপক্ষ। স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে অশোভন আচরণের দায়ে শাহরুখের ওপর আজ এই নিষেধাজ্ঞা জারি হয়।ঘটনার শুরু ১৬ মে বুধবার রাতে। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেট ম্যাচ দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়েছিলেন শাহরুখ। একপর্যায়ে কলকাতা নাইট রাইডার্স দলের সাজঘরে গিয়ে হাজির হন শাহরুখ ও তাঁর দেহরক্ষীরা। সেখান থেকে বের হয়ে তাঁরা খেলার মাঠে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তা রক্ষীদের বাধার মুখে পড়েন শাহরুখ। তাঁকে বলা হয়, কোনোভাবেই ভেতরে যেতে পারবেন না তিনি। এমসিএয়ের অভিযোগে বলা হয়েছে, এতে শাহরুখ ক্ষিপ্ত হয়ে ওঠেন, অশালীন ভাষা ব্যবহার করেন এবং এমসিএ কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এ ঘটনায় ওই দিনই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে এমসিএ। তাঁর বিরুদ্ধে মাতলামি করার অভিযোগও আনা হয়। অভিযোগ অস্বীকার করে শাহরুখ বলেন, তিনি তাঁর ছেলেমেয়েকে ওই স্থান থেকে সরিয়ে আনতে যান।এর আগে জয়পুর স্টেডিয়ামে জনসমক্ষে সিগারেট ফুঁকে সমালোচিত হয়েছিলেন শাহরুখ খান। ওই ঘটনায়ও মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে।