শাহরুখের পর এবার অক্ষয়ের তোপের মুখে শিরীষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দিনকয়েক আগেই শাহরুখ খান চিত্রপরিচালক শিরীষ কুন্দারের গায়ে হাত তোলায় তোলপাড় উঠেছিল বলিউডের মিডিয়াপাড়ায়। কিং খানের পর এবার অক্ষয় কুমারের তোপের মুখে পড়লেন শিরীষ।সম্প্রতি শিরীষ পরিচালিত নির্মাণাধীন ‘জোকার’ ছবির অংশবিশেষ দেখার পর এর নির্মাণশৈলী পছন্দ না হওয়ায় তাঁর ওপর প্রচণ্ড চটে যান ছবিটির প্রযোজক ও অভিনেতা অক্ষয় কুমার। এক খবরে এমনটাই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। ছবিটি দেখে অক্ষয় এতটাই হতাশ হন যে তিনি শিরীষকে উদ্দেশ করে চিত্কার-চ্যাঁচামেচি শুরু করে দেন। ছবিতে ব্যাপক পরিবর্তন আনার কথাও বলেন অক্ষয়। রাগের একপর্যায়ে এই শেষ মুহূর্তে এসে ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও প্রায় চূড়ান্ত করে ফেলেন তিনি।অবশ্য অক্ষয়ের সঙ্গে আলোচনায় বসে তাঁকে শেষ-মেষ শান্ত করেছেন শিরীষ। ‘হন্টেড’, ‘রা.ওয়ান’ এবং ‘ডন ২’-এর পর ‘জোকার’ হবে টুডি ও থ্রিডি ফরম্যাটে নির্মিত বলিউডের চতুর্থ ছবি। ছবিটিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন সোনাক্ষী সিনহা। এর মুক্তির দিন ধার্য করা হয়েছে চলতি বছরের ৩১ আগস্ট।উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি সঞ্জয় দত্তের পার্টিতে শাহরুখ খানকে বিরক্ত করায় শিরীষের গায়ে হাত তুলেছিলেন কিং খান। সে সময় শাহরুখের সমালোচনা করেছিলেন শিরীষের স্ত্রী ফারাহ খান। এবার অক্ষয় সম্পর্কে তিনি কী মন্তব্য করেন, সেটাই এখন দেখার বিষয়।