শাহরুখের ভ্যানিটি ভ্যানে ক্যাটরিনা!
শাহরুখ-প্রিয়াংকা অধ্যায় শেষ হতে না হতেই ক্যাটরিনা কাইফের সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতা নিয়ে সরব হয়ে উঠেছে মিডিয়া। যশ রাজ ফিল্মসের নতুন ছবিতে শাহরুখ-ক্যাটরিনা জুটি বেঁধে অভিনয় শুরুর পর থেকেই তাঁদের নিয়ে এ কানাঘুষা চলছে। আগুনে ঘি ঢেলেছে আরেকটি খবর। সম্প্রতি কালারস স্ক্রিন অ্যাওয়ার্ডস আসরে গিয়ে শাহরুখের ভ্যানিটি ভ্যানে নাকি এক ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন ক্যাটরিনা। বেশ কিছুদিন ধরে অনেকটা নিয়মিতভাবেই খবরের শিরোনাম হচ্ছেন তাঁরা। যশ চোপড়ার ছবিতে শুটিং করতে কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন এই জুটি। সেখানে ক্যাটরিনার প্রতি শাহরুখের বিশেষ দুর্বলতার কিছু তথ্যও সম্প্রতি ফাঁস হয়েছে। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। পছন্দের সহ-অভিনেত্রীদের নানা ধরনের উপহার দেওয়ার জন্য সুপরিচিত শাহরুখ খান। ক্যাটরিনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম করেননি তিনি। লন্ডনে শুটিং করতে গিয়ে শীতে খুব কষ্ট পাচ্ছিলেন ক্যাটরিনা, তা দেখে তাঁর জন্য দ্রুত জ্যাকেট কেনার ব্যবস্থা করেছিলেন শাহরুখ। শুধু তাই নয়, ক্যাটরিনা বিশেষ এক ধরনের জিম ব্যাগ খুঁজছেন—এটা জানার পর তাঁকে নতুন একটি জিম ব্যাগও উপহার দিয়েছিলেন তিনি।এ ছাড়া শুটিংয়ের ফাঁকে সময় পেলেই ক্যামেরা নিয়ে একে অপরের ছবি তোলায় মেতে উঠতেন শাহরুখ-ক্যাটরিনা। একবার শুটিং সেটে নিরাপত্তা নিয়ে বিঘ্ন দেখা দিলে ক্যাটরিনাকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন শাহরুখ। উন্মত্ত ভক্তরা যাতে ক্যাটরিনার ধারে-কাছেও ঘেঁষতে না পারে সে জন্য নিজের দেহরক্ষীদের কড়া নির্দেশ দিয়েছিলেন খান সাহেব। শাহরুখ-ক্যাটরিনার এমন ঘনিষ্ঠতার খবরে অনেকেই ভ্রু কুঁচকেছেন। অবশ্য কেউ কেউ বলছেন প্রিয়াংকার ওপর নজরদারি নিয়ে গৌরি এতটাই ব্যস্ত যে শাহরুখ-ক্যাটরিনার ঘনিষ্ঠতার বিষয়টি নিয়ে চিন্তিত হওয়ার সময়ই তিনি পাচ্ছেন না!