শাহরুখের ‘গুপ্ত মন্ত্র’ শিখছেন সাইফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খানের ‘রা ওয়ান’ ছবির প্রচারণার ধরন, অভিজ্ঞতা আর ভুল থেকে ‘গুপ্ত মন্ত্র’ শিখছেন সাইফ। রা ওয়ানের মতোই ‘এজেন্ট বিনোদ’ ছবির প্রচারণার উদ্দেশে পিএসথ্রি গেমস, কমিক বুকস, পণ্যদ্রব্য বিক্রিসহ আরও নানা পরিকল্পনা আঁঁটছেন বলিউডের এই ‘ছোটে নবাব’।শাহরুখ যেমন ‘জি ওয়ান’ চরিত্রটিকে ভারতীয় সুপার হিরো হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, ঠিক সেই একই পথ অনুসরণ করে ‘এজেন্ট বিনোদ’ চরিত্রটিকেও ভারতীয় বিশেষ একটি চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন সাইফ। ছবিটি সম্পর্কে সাইফের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘সম্পূর্ণ ভারতীয় একটি চরিত্র এজেন্ট বিনোদ। ছবিটির সাফল্য নিয়ে আমি খুবই আশাবাদী। আমি আশা করছি, ছবিটি অনেক ভালো ব্যবসা করবে এবং দর্শকেরা ছবিটি উপভোগ করবেন। আর এ সাফল্যের সূত্র ধরে ছবিটির সিকুয়েল তৈরির সুযোগও পেয়ে যাব।’শাহরুখের ‘রা ওয়ান’ ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি—এ ব্যাপারে সাইফের মন্তব্য জানতে চাইলে তিনি বলেছেন, ‘আসলে কাজে সাফল্যের বিষয়টি সম্পূর্ণ অনিশ্চিত একটি বিষয়। সাফল্য পাওয়ার জন্য অনেকেই অনেক কিছু করেন কিন্তু কোনটা কার্যকর হবে আর কোনটা হবে না, তা কারও পক্ষেই বলা সম্ভব নয়। সবার উচিত, সাধ্যমতো সবচেয়ে ভালো কাজটিই করার চেষ্টা করা। আর সেটা করতে না পারলে কাজ করার কোনো অর্থই হয় না।’উল্লেখ্য, সাইফ আলী খানের স্বপ্নের ছবি ‘এজেন্ট বিনোদ’ মুক্তি পাচ্ছে এ বছরের ২৩ মার্চ। এই মুহূর্তে পুরোদমে চলছে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ। কিছুদিনের মধ্যেই ছবিটির প্রচারণার কাজ শুরু করবেন সাইফ।