শাহরুখের ‘মান্নাত’ অভিযোগমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও প্রত্নতাত্ত্বিক আইন লঙ্ঘন করে বাড়ি তৈরির অভিযোগে বলিউডের অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে দায়েরকৃত এক পিটিশন সম্প্রতি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারক ডিকে জৈন ও এ আর দেব। মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রের তীর ঘেঁষে নিজের স্বপ্নের বাড়ি ‘মান্নাত’ তৈরি করেছিলেন শাহরুখ। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে কোস্টাল রেগুলেশন জোন এবং প্রত্নতাত্ত্বিক আইনের তোয়াক্কা না করেই নাকি মান্নাত নির্মাণ করা হয়েছে। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে পিটিশনও দায়ের করা হয়। অবশ্য বরাবরই অভিযোগটি সত্যি নয় বলেই দাবি করে এসেছেন শাহরুখ। সম্প্রতি পিটিশনটি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারক ডি কে জৈন ও এ আর দেব শাহরুখের বিরুদ্ধে পিটিশন দায়েরকারীদের কিছু প্রশ্ন করেন, যা শাহরুখের পক্ষেই যায়। শাহরুখকে সমর্থন দিয়ে তাঁরা বলেন, তারকা খ্যাতির কারণেই শাহরুখকে টার্গেট করা হয়েছে। এ প্রসঙ্গে তাঁদের উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘মান্নাতের আশপাশে আরও অনেক বাড়িই নিয়ম লঙ্ঘন করে নির্মিত হয়েছে। অথচ সেসব বাড়ির বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হয়নি। আসলে শাহরুখের তারকাখ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে তাঁকে হয়রানির উদ্দেশ্যেই এই পিটিশন দায়ের করা হয়েছে। আমরা কেবল একটি বাড়ির বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো রায় দিতে পারি না। এ ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করে নির্মিত সব বাড়ির বিরুদ্ধেই অভিযোগ আসতে হবে আমাদের কাছে।’