মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন বিজ্ঞানীরা। আজকের দিনে, বিশেষ করে নগরবাসীর দৈনন্দিন জীবনে একাধিক যন্ত্র অপরিহার্য। জীবনযাত্রা আরও খানিকটা সহজ ও সুবিধাজনক করার চেষ্টা থেকে একটি যন্ত্র উদ্ভাবন করেছেন মেহেরপুরের এক মেকানিক। নাম শাহাবুদ্দিন ওরফে সাবু (২৮)। মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হাইস্কুলপাড়ার শাহাবুদ্দিনের দাবি, তাঁর তৈরি ওই যন্ত্রের মাধ্যমে যেকোনো স্থান থেকে ইলেকট্রনিক যন্ত্র, গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন যন্ত্রপাতি চালু বা বন্ধ করা সম্ভব।শাহাবুদ্দিন জানান, পাওয়ার কন্ট্রোল ডিভাইস বা শক্তিনিয়ন্ত্রক যন্ত্র নামের এই যন্ত্রের সঙ্গে মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি পেলে যেকোনো স্থান থেকে বিদ্যুচ্চালিত সব যন্ত্র চালু ও বন্ধ করা সম্ভব। বিদ্যুতের অপচয় রোধ, গাড়ি চুরি ঠেকানো ইত্যাদি কাজে এই যন্ত্র কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে।শুরুর কথা: মোহাম্মদপুর গ্রামের দরিদ্র এক কৃষক পরিবারে শাহাবুদ্দিনের জন্ম। বাবা রহমতউল্লাহ ও মা হামিদা খাতুন। ২০০৩ সালে গাংনী ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন শাহাবুদ্দিন। পারিবারিক দৈন্যের কারণে আর লেখাপড়া হয়নি। পরে আবিষ্কারের নেশা পেয়ে বসে তাঁকে। জানার অন্বেষায় ২০০৪ সালে ঢাকার বেসিক পাওয়ার কোম্পানি এবং পরে মেগা পাওয়ার লিফট কোম্পানিতে চাকরি নেন। সেখানে মিস্ত্রি না এলে তিনি একাই খুটখাট করে সব যন্ত্র নাড়াচাড়া করতেন। ওই সময় যন্ত্রের নানা কেরামতি সম্পর্কে জানতে জানতেই তৈরি করে ফেলেন এই শক্তি নিয়ন্ত্রক যন্ত্র। শাহাবুদ্দিন জানান, বিদ্যুৎশক্তি দিয়ে কত কিছু চলছে। আবার এক সুইচেই সব চালু বা বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি অবাক করত তাঁকে। ওই শক্তির উৎস খুঁজতে খুঁজতেই তাঁর এই আবিষ্কার। এ কাজ তাঁর নেশা।ঢাকায় দুই বছর চাকরি করার পর গ্রামে ফিরে মায়ের নামে ‘হামিদা হার্ডওয়ার অ্যান্ড ইলেকট্রিক ওয়ার্কশপ’ খোলেন। সেখানে বসে অন্যান্য কাজ করার পাশাপাশি তাঁর এই যন্ত্রের উন্নয়নে কাজ করে চলছেন।শাহাবুদ্দিনের কারখানা: গাংনীর হোগলবাড়িয়া বাজারে গিয়ে দেখা যায়, হামিদা হার্ডওয়ার অ্যান্ড ইলেকট্রিক ওয়ার্কশপে বসে আপনমনে কাজ করছেন শাহাবুদ্দিন। বাজারের অনেকেই অবাক হয়ে তাঁর কাজ দেখছেন। গ্রামের বাসিন্দা শিক্ষক আবদুস সবুর বললেন, ‘এই ছেলে ভবিষ্যতে বড় বৈজ্ঞানিক হবে।’ শাহাবুদ্দিনের যন্ত্রটি ১২ ইঞ্চি বাই ৮ ইঞ্চি আকারের। বিস্তারিত তথ্য গোপন রেখে তিনি জানান, কিছু ছোট যন্ত্রপাতি দিয়ে এটি তৈরি। বানাতে খরচ পড়েছে প্রায় পাঁচ হাজার টাকা। প্রয়োজনীয় অর্থ ও আধুনিক যন্ত্র ব্যবহারের সুযোগ পেলে যন্ত্রটি আরও ছোট আকারে ও কম মূল্যে তৈরি করা সম্ভব।যন্ত্রটি যেভাবে কাজ করে: শাহাবুদ্দিনের যন্ত্রটি কোনো একটি যন্ত্র চালু ও বন্ধ করার জন্য ব্যবহার করা যায়। আবার পুরো বাড়ির বৈদ্যুতিক যন্ত্র চালু ও বন্ধ করার জন্য ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে যে যন্ত্রটি চালু বা বন্ধ নিয়ন্ত্রণ করতে হবে, সেটির সঙ্গে শক্তি নিয়ন্ত্রণ যন্ত্রটি যুক্ত করতে হয়। যন্ত্রটি যুক্ত করা হলে সেটি একটি কোড নম্বর নির্দিষ্ট (যন্ত্রের মালিকের) মোবাইল ফোন নম্বরে পাঠিয়ে দেয়। ওই নম্বরটি মোবাইল ফোনের মাধ্যমে টিপে নির্দিষ্ট যন্ত্রটি বা যানবাহন চালু ও বন্ধ করা হয়। তবে প্রযুক্তিটি চুরির ভয়ে এর কার্যকারিতার বিস্তারিত বর্ণনা এখন প্রকাশ করতে চাননি শাহাবুদ্দিন।যন্ত্রের ব্যবহার: আবিষ্কারের গোপনীয়তা রক্ষার স্বার্থে শাহাবুদ্দিন তাঁর উদ্ভাবিত যন্ত্রের বাণিজ্যিক বিক্রি ও উদ্ভাবন বন্ধ রেখেছেন। তিনি জানান, এই যন্ত্রটি সেচযন্ত্রে লাগানো থাকলে শীতকালে ঠান্ডায় কষ্ট করে জমিতে গিয়ে সেচযন্ত্র চালু করতে হবে না। ঘরে বসেই চালু ও বন্ধ করা যাবে। একইভাবে মোবাইল ফোনের সুইচ টিপে বহু দূর থেকেই লিফটসহ বৈদ্যুতিক শক্তিচালিত সব যন্ত্র, মোটরসাইকেল, বাস, ট্রাক ইত্যাদি যানবাহন এই যন্ত্রের সাহায্যে চালু ও বন্ধ করা সম্ভব। বাজারের যেসব দূর-নিয়ন্ত্রণ যন্ত্র পাওয়া যায়, সেগুলোর বেশির ভাগের কার্যকারিতা নির্দিষ্ট স্বল্প দূরত্বের মধ্যে। কিন্তু এই শক্তি নিয়ন্ত্রক যন্ত্র মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। তাই এর কার্যক্ষমতার আওতা বিস্তৃত।যন্ত্র ব্যবহারকারীদের বক্তব্য: কুষ্টিয়ার মীরপুর উপজেলার খলিসাকুণ্ড ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র মারফত আলী এবং একই কলেজের বিবিএস চূড়ান্ত বর্ষের ছাত্র আহসান হাবিব জানান, তাঁরা এবং আরও অনেকেই শাহাবুদ্দিনের যন্ত্রটি নিজেদের মোটরসাইকেলে পরীক্ষামূলকভাবে যুক্ত করে এর কার্যক্ষমতার প্রমাণ পেয়েছেন। তাঁরা যন্ত্রটি স্থাপনের পর নিজেদের ব্যবহূত মোবাইল ফোন থেকে নির্দিষ্ট কোড নম্বর টিপে বেশ দূর থেকে মোটরসাইকেল এবং বাস চালু ও বন্ধ করেছেন।গাংনীর হোগলবাড়িয়া গ্রামের কৃষক সোহরাব আলী জানান, তাঁর সেচযন্ত্রের সঙ্গে শাহাবুদ্দিনের যন্ত্রটি স্থাপনের পর রাতে বাড়িতে বসেই সেটি চালু ও নির্দিষ্ট সময় পর বন্ধ করতে পেরেছেন।বামুন্দী বাজারের ব্যবসায়ী শামসুল ইসলাম জানান, তিনি বাড়ির ইলেকট্রিকসামগ্রীর সঙ্গে যন্ত্রটি স্থাপন করে বাতি, পাখাসহ সব বৈদ্যুতিক যন্ত্রের চালু ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করেছেন।সম্প্রতি উত্তরা মোটরস কোম্পানি যন্ত্রটির কার্যক্ষমতা পরীক্ষা করে সাফল্যের প্রমাণ পেয়েছে। কোম্পানির বিপণন বিভাগের ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন বলেন, যন্ত্রটি পরীক্ষার জন্য তিনি মহাপরিচালকের (এমডি) নির্দেশে শাহাবুদ্দিনকে ঢাকায় ডেকেছিলেন। শাহাবুদ্দিন যন্ত্রটি নিয়ে ঢাকায় পৌঁছলে তাঁরা সেটি পরীক্ষা করেন এবং এর কার্যকারিতার প্রমাণ পান। তাঁকে নিয়ে উত্তরা মোটরস আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা করছে।শাহাবুদ্দিনের বক্তব্য: শাহাবুদ্দিন বলেন, অর্থ, আধুনিক যন্ত্রাংশ ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি পেলে এই যন্ত্রটির বাণিজ্যিক উৎপাদন ও সরবরাহ করা সম্ভব। এ মুহূর্তে যন্ত্রটি উদ্ভাবনের ক্ষেত্রে তাঁকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত উল্লেখ করে শাহাবুদ্দিন বলেন, তা না হলে অনেক কোম্পানি তাঁর যন্ত্রের নকশা চুরি করতে পারে। যন্ত্রের গুণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ‘আপনি তাড়াহুড়ো করে বাড়ি বা অফিস থেকে বের হয়েছেন। পথে হঠাৎ মনে হলো বাড়ির ফ্যান বা পানি তোলার যন্ত্র বা অন্য কোনো দরকারি যন্ত্র বন্ধ বা চালু করা হয়নি। আপনি পথে থেকেই মোবাইল ফোন ব্যবহারের মাধমে ওই যন্ত্রটি চালু বা বন্ধ করতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘ধরুন কেউ আপনার মোটরসাইকেল, বাস, ট্রাক চুরি করে পালাচ্ছে। যদি মোটরসাইকেলে পাওয়ার কন্ট্রোল ডিভাইস লাগানো থাকে, তাহলে আপনি মোবাইল ফোনের মাধ্যমে নির্দিষ্ট নম্বর টিপে সেটি বন্ধ করে দিতে পারবেন।’বিশিষ্টজনের কথা: গাংনীর মটমুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সাত্তার বলেন, ‘আমরা পরীক্ষা করে দেখেছি। শাহাবুদ্দিনের আবিষ্কার সবাইকে আশ্চর্য করার মতো। যন্ত্রটি গাড়ি বা মোটরসাইকেলে লাগালে মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো স্থান থেকে তা বন্ধ ও চালু করা যায়।’ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেয়র নিজাম উদ্দিন বলেন, শাহাবুদ্দিনের আবিষ্কার বড় মাপের, যা বাণিজ্যিকভাবে তৈরি হলে ব্যাপক জনপ্রিয়তা পাবে।গাংনীর মোহাম্মদপুর হোগলবাড়িয়া আকুবপুর (এমএইচএ) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শাহাবুদ্দিনের আবিষ্কার বাজারজাতকরণে আর্থিক সহযোগিতা ও সরকারি স্বীকৃতির পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সাহায্যের প্রয়োজন। তা ছাড়া এই আবিষ্কার বেশি দূর এগোতে পারবে না। গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আওয়াল ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু জানান, অন্যদের মতো তাঁরাও শাহাবুদ্দিনের যন্ত্র গাড়িতে লাগিয়ে এর প্রমাণ পেয়েছেন। এই আবিষ্কার এলাকার সবাইকে অবাক করেছে।