শাহাবুদ্দীন মেডিকেলেও কাজ করেছেন ওহাব খান
ভুয়া ডিগ্রিধারী এ ওহাব খান জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আগে আরও একাধিক প্রতিষ্ঠানে কাজ করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল শাহাবুদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতাল। একাধিক সূত্র বলেছে, জমি ব্যবসার সঙ্গেও ওহাব খানের যোগসূত্র আছে।সিকদার মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া জীবনবৃত্তান্তে দেখা যায়, ওহাব খান শাহাবুদ্দীন মেডিকেল কলেজে ১ জানুয়ারি ২০০৬ থেকে ৩১ মার্চ ২০০৮ পর্যন্ত কাজ করেছিলেন সহযোগী অধ্যাপক হিসেবে। যোগাযোগ করা হলে মুঠোফোনে শাহাবুদ্দীন মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. শাহাবুদ্দীন বলেন, ওহাব খান তাঁর প্রতিষ্ঠানে চাকরি করেননি। তবে তিনি হাসপাতালে রোগী আনতেন এবং তাদের চিকিৎসা দিয়ে নিজের ফি নিতেন। ওহাব খানের চিকিৎসাবিদ্যা নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় তাঁকে কর্তৃপক্ষ কাজ থেকে বাদ দেয়।ওহাব খানের জীবনবৃত্তান্তে দুজন শনাক্তকারীর (রেফারেন্স) মধ্যে এ কে এম কামাল উদ্দীনের পরিচয় দেওয়া আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে। যোগাযোগ করা হলে গতকাল সন্ধ্যায় কামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, তিনি কখনো প্রতিরক্ষাসচিব ছিলেন না। ওহাব খানের বিরুদ্ধে জালিয়াতির মামলা হওয়া উচিত। তবে সাবেক এই সরকারি কর্মকর্তা বলেন, ওহাব খান একসময় শাহাবুদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করতেন এবং সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয়।প্রতারণার আশ্রয় নিয়ে একাধিক প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে কাজ করেছেন ওহাব খান। কিন্তু কোনো প্রতিষ্ঠান তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেনি। তাঁকে চাকরিচ্যুত করেই দায়িত্ব শেষ করেছে।গত পরশু সিকদার মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আবু শামীম প্রথম আলোকে বলেছিলেন, কর্তৃপক্ষ ওহাব খানের বিরুদ্ধে প্রতারণার মামলার প্রস্তুতি নিচ্ছে। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, আইনগত কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে প্রতিষ্ঠানের আইন উপদেষ্টার পরামর্শ নেওয়া হচ্ছে।জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালক প্রথম আলোকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইতে পারে, চিকিৎসক নয় এমন লোককে কেন তারা চিকিৎসার দায়িত্ব দিল। উত্তরের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার এখতিয়ার মন্ত্রণালয় বা অধিদপ্তরের আছে। তবে একাধিকবার চেষ্টা করেও কথা বলতে না পারায় স্বাস্থ্যসচিব বা অধিদপ্তরের মহাপরিচালকের মতামত নেওয়া সম্ভব হয়নি।গতকাল দুপুরে সিকদার মেডিকেলের গুলশান শাখায় গিয়ে দেখা যায়, ২০৫ নম্বর কক্ষের সামনে ঝোলানো এ ওহাব খানের নামফলক খুলে ফেলা হয়েছে। কারণ জানতে চাইলে অভ্যর্থনার দায়িত্বে থাকা কর্মকর্তা বলেন, এ ওহাব খান আর চাকরি করেন না।চিকিৎসকদের পেশা চর্চার সনদ দেয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। প্রতিষ্ঠানটির মহাসচিব মো. জাহেদুল হক বাসুনিয়া বলেন, ভুয়া ডিগ্রির অভিযোগ মাঝেমধ্যেই তাঁদের কাছে আসে। অভিযোগের ব্যাপারে তদন্ত করে তাঁরা সংশ্লিষ্ট সিভিল সার্জনকে জানান এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।বিএমডিসির কর্মকর্তারা মনে করেন, দেশে ভুয়া ডিগ্রি ব্যবহার করে অনেকেই পেশার চর্চা করছেন। এটা বন্ধ করার সহজ কোনো উপায় নেই। তবে পেশা চর্চার অনুমোদন নেওয়া প্রত্যেক চিকিৎসকের ছবি, নিবন্ধনসংখ্যা জীবনবৃত্তান্ত ওয়েবসাইটে দেওয়ার উদ্যোগ তাঁরা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছেন।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, এ ধরনের পরিস্থিতি এড়াতে তিনি দায়িত্ব নেওয়ার পর যাঁরা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছেন, প্রত্যেকের মূল সনদপত্র দেখা হয়েছে। এর আগে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের প্রত্যেকের কাগজপত্র যাচাই করার জন্য সত্বর একটি কমিটি গঠন করবেন বলেও জানান তিনি।