শাহি বজরায় দিলখোশ মুজরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ধ্যার পর চাঁদনীঘাটের শাহি বজরা চাঁদনীতে কাঞ্চনীদের মুজরা বসেছিল। ঢাকায় আসার দীর্ঘ পথশ্রমের রংদার সেই মেহফিলে সুবাদার ইসলাম খান চিশতি তাঁর মনের শ্রান্তি দূর করেন। বাংলার ভূঁইয়াদের দমনে ব্যস্ত সুবাদার ও তাঁর আমির-ওমরাহ্, দেওয়ান-বকশি ও সিপাহসালারেরা অসংখ্য যুদ্ধবিগ্রহ ও দীর্ঘ যাত্রা শেষে ঢাকায় এসে পদার্পণ করেন। যাত্রা সফলভাবে সমাপ্ত হওয়ায় দিলখোশ সুবাদার তাঁর ঊর্ধ্বতন প্রশাসনিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে এ মুজরার আয়োজন করেন। মেহফিলে দেওয়ান, ওমরাহ্, কাজিসহ উচ্চপদস্থ সব রাজকর্মচারী উপস্থিত ছিলেন। ঢাকার কয়েকজন জমিদার ও বড় বণিককেও সে আসরে দাওয়াত করা হয়েছিল।মেহফিলের জন্য শাহি বজরা সুগন্ধি ফুল ও রঙিন ঝালর দিয়ে সজ্জিত করা হয়। লাল ও সাদা রঙের ফরাস বিছিয়ে ঢেকে দেওয়া হয় পুরো দরবার। পুরো দরবার আলোকিত করা হয় ঘি দিয়ে প্রজ্বলিত ঝাড়লণ্ঠনে। গোলাপ পানি ও আতরের খুশবুতে দরবার ম-ম করছিল।সূর্য ডোবার সঙ্গে সঙ্গে গণ্যমান্য মেহমানেরা মজলিসে আসতে শুরু করেন। কিছুক্ষণ পর দরবারে সুবাদার তশরিফ রাখলে সব রাজ অতিথি ও ওমরাহ্ তাঁকে দাঁড়িয়ে কুর্নিশ করেন। সবাই উপবেশন করলে আরম্ভ হয় মনমাতানো মুজরা। মেহফিলে গানবাদ্য পরিবেশন করেন দিল্লি থেকে আসা মশহুর ওস্তাদ গিরগিট খান ও ওস্তাদ খুসরো। বিভিন্ন খোশগল্পের মধ্যে বাঈজিরা ঝলমলে সাজে ও চোখ-ধাঁধানো পোশাকে সজ্জিত হয়ে নাচ প্রদর্শন করেন। তাঁরা যে পারদর্শিতা দেখান তাতে উপস্থিত আমির-ওমরাহ্রা ‘মারহাবা’ ‘মারহাবা’ বলে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেন এবং রৌপ্যমুদ্রা ও অলংকার ছুড়ে ছুড়ে উপহার দেন। লক্ষেৗর গুলবদন বাঈ ও দিল্লির রওশন আরা বাঈয়ের নাচে সবাই বেচৈন হয়ে পড়েন। উল্লেখ্য, সুবাদারের বহরের সঙ্গে প্রায় এক হাজার ২০০ জন কাঞ্চনী ঢাকায় এসেছেন বলে একটি সূত্র জানিয়েছে।খুশবুদার এই মেহফিল রাত দুই ঘটিকা পর্যন্ত গুলজার থাকে। বিদায় নেওয়ার আগে এই মেহফিল আয়োজনের জন্য সবাই সুবাদারকে শুকরিয়া জানান।