শায়খুল হাদিস আজিজুল হকের জানাজা সম্পন্ন
বিশিষ্ট আলেম ও বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জাতীয় ঈদগাহে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।মরহুমের ছেলে মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহফুজুল হক জানাজা নামাজ পড়ান। বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক মুসল্লি জানাজায় অংশ নেন।জানাজা শেষে দাফনের জন্য তাঁর মরদেহ ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়।গতকাল বুধবার বেলা পৌনে একটায় রাজধানীর আজিমপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন আল্লামা আজিজুল হক। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।পারিবারিক সূত্র জানায়, প্রায় চার বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আজিজুল হক। তিনি দুই বছরেরও বেশি সময় ধরে বাক্ ও স্মৃতিশক্তিহীন ছিলেন। তিনি পাঁচ ছেলে, আট মেয়েসহ অনেক ভক্ত-অনুরাগী রেখে গেছেন। হাদিসশাস্ত্রে বিশেষ পাণ্ডিত্যের জন্য ‘শায়খুল হাদিস’ উপাধি দেওয়া হয় আজিজুল হককে। বাংলা ভাষায় ১০ খণ্ডের বোখারি শরিফের প্রথম অনুবাদ করেন তিনি। এ ছাড়া ধর্মীয় বিষয়ে বেশ কিছু মৌলিক গ্রন্থও রচনা করেন শায়খুল হাদিস।মৃত্যুর আগ পর্যন্ত শায়খুল হাদিস খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি সংগঠনটির আমিরের দায়িত্ব পালন করেন।