শিকাগোর শিক্ষক ধর্মঘটে দুশ্চিন্তায় ওবামা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে গতকাল সোমবার শুরু হওয়া শিক্ষক ধর্মঘট প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নির্বাচনী প্রচারণার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওবামার নির্বাচনী তহবিল জোগাড়ের ক্ষেত্রে এ ধর্মঘট প্রভাব ফেলছে বলে আজ মঙ্গলবার রয়টার্সের খবরে জানানো হয়।শিকাগোর প্রায় ২৯ হাজার শিক্ষক ও কর্মী সরকারের নেওয়া শিক্ষা সংস্কারসংক্রান্ত পদক্ষেপের প্রতিবাদে গত রোববার এ ধর্মঘট ডাকে। গতকাল ছিল ধর্মঘটের প্রথম দিন। নিজ শহরে এ ধরনের ধর্মঘট তাঁর ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলে ওবামার তহবিলের দাতারা আশঙ্কা প্রকাশ করেছেন। শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডিক সিম্পসন মনে করেন, শিকাগোতে ডেমোক্র্যাটদের একটি গুরুত্বপূর্ণ অংশ শ্রমিক সংগঠনগুলো। এ ধর্মঘট স্বাধীন ভোটারদের ওপর প্রভাব ফেলতে পারে। তাই তাদের ক্ষুব্ধ করার অর্থ শিকাগোতে ডেমোক্র্যাটদের দুর্বল হয়ে পড়া। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ওবামা এ ধর্মঘটের বিষয়ে অবগত আছেন। সমস্যার দ্রুত সমাধান হবে বলেও আশা করা হচ্ছে।