শিকাগোয় ন্যাটো সম্মেলনে যোগ দেবেন জারদারি
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে যোগ দেবেন। ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের মুখপাত্র নাদিম হোতিয়ানা গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়। আগামী ২০-২১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর নেতাদের এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়েরও ওই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। ন্যাটোর মুখপাত্র ওয়ানা লাঙ্গেসকু এক বিবৃতিতে বলেন, আফগান জনগণ ও তাদের ভবিষ্যত্ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে অঙ্গীকার, সম্মেলনে এর ওপর গুরুত্বারোপ করা হবে। আফগানিস্তানের ভবিষ্যতের বিষয়ে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।পাকিস্তান হয়ে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ পথ পুনরায় চালু করার বিষয়ও সম্মেলনে গুরুত্ব পাবে। গত বছরের নভেম্বরে ন্যাটারে বিমান হামলায় পাকিস্তানের ২৪ সেনা নিহত হয়। এ ঘটনার পর পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। এর জের ধরে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয় পাকিস্তান। এ ছাড়া পাকিস্তানের শামসি বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে সরে যেতে বাধ্য করে পাকিস্তান। একই সঙ্গে সে সময় জার্মানির বনে অনুষ্ঠিত আফগানিস্তান-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকে ইসলামাবাদ।