নরসিংদীর শিবপুর, রংপুরের পীরগঞ্জ ও গাজীপুর সদর উপজেলায় গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষক, ট্রাফিক সার্জেন্ট, ব্যবসায়ীসহ ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল শনিবার শিবপুরে ছয়জন বাসযাত্রী, গাজীপুরে কলেজশিক্ষক ও ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের মৃত্যু হয়েছে। আর গত শুক্রবার রাতে মারা গেছেন পীরগঞ্জের তিনজন ব্যবসায়ী।নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ আবদুল করিম (৪৫), সার্জেন্ট বেলাল হোসেন (৪০), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লালপুর গ্রামের কালাম (১৫), বাজরা গ্রামের জসিম (৩৪), ভৈরবের গজারিয়া গ্রামের কাওসার (২৮), নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের রশিদ (২৯), সররাবাদ গ্রামের মাসুদ রানা (৩৬) ও হোসেন মিয়া (৩২) এবং পীরগঞ্জের সবজি ব্যবসায়ী মোন্নাফ (২৫), রমজান (৩৮) ও মিজান (২৫)।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভৈরব: স্বপ্নবিলাস পরিবহনের একটি বাস গতকাল ভোরে কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল আটটার দিকে শিবপুরের কোন্দালপাড়া এলাকায় এলে চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি পড়ে যায় খাদে।এতে ঘটনাস্থলেই বাসের ছয়জন যাত্রীর মৃত্যু হয়। আহত হয় অন্তত ২০ জন। আহত ব্যক্তিরা নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে।খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে শিবপুর থানায় নিয়ে আসে। নিহত জসিম উদ্দিনের প্রতিবেশী বেলাল মিয়া জানান, জুতা বানানোর কাজে যোগ দিতে জসিম ঢাকায় যাচ্ছিলেন।নরসিংদী জেলা হাসপাতালে আহত যাত্রীরা জানায়, নরসিংদীর মরজাল কাউন্টার ছাড়ার পর চালক দ্রুত গতিতে বাস চালাচ্ছিলেন। কয়েকজন যাত্রী গতি কমিয়ে সাবধানে চালাতে বললেও তিনি তা শোনেননি।শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) হেদায়েত উল্লাহ জানান, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসআই জানান, ট্রাকের চালক পলাতক। ট্রাক ও বাসটি শিবপুর থানার হেফাজতে রাখা হয়েছে।গাজীপুর: ঢাকা বাইপাস ও ময়মনসিংহ সড়কের সংযোগস্থল সদর উপজেলার ভোগড়া এলাকায় গতকাল সকাল সাতটার দিকে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট বেলাল। এ সময় টাঙ্গাইলগামী বেপরোয়া গতির একটি ট্রাক ট্রাফিক সংকেত অমান্য করে বেলালকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় বেলালের মৃত্যু হয়।বেলালের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মিথুক গ্রামে। পাঁচ মাস আগে তিনি গাজীপুরে বদলি হয়ে আসেন। তাঁর স্ত্রী ও চার বছরের এক ছেলে রয়েছে।অপর দুর্ঘটনাটি ঘটে সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। সকাল ১০টার দিকে জয়দেবপুর চৌরাস্তা থেকে একটি হিউম্যান হলার কলেজশিক্ষক আবদুল করিমসহ নয়-১০ জন যাত্রী নিয়ে ভাওয়াল মির্জাপুরে যাচ্ছিল। দক্ষিণ সালনায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক করিম নিহত হন। আহত হয় হলারের সাতজন যাত্রী। তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত করিমের বাড়ি ভাওয়াল মির্জাপুর গ্রামে। তাঁর এক মেয়ে ও এক ছেলে রয়েছে।এদিকে শিক্ষকের মৃত্যুর খবর শুনে কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও আত্মীয়স্বজন হাসপাতালে লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। দুর্ঘটনার প্রতিবাদে ওই কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থীরা মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জয়দেবপুর থানার ওসি আবদুর রশিদ জানান, পিকআপ ভ্যান ও ট্রাক আটক করা সম্ভব হয়নি। চালকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।রংপুর: শুক্রবার রাতে পীরগঞ্জের খালাশপীর থেকে সবজি বোঝাই করে একটি ট্রাক রংপুরে যাচ্ছিল। রাত ১০টার দিকে বিশমাইল এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে ট্রাকটি আরেকটি ট্রাককে জায়গা দিতে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাকে থাকা তিনজন সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত হয় পাঁচজন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।