শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সবার চোখে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোকসভা নয়, যেন কান্নার আসর, আয়োজন করে সবাই মিলে কান্নাকাটি করা। মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৯ আগস্ট দুপুরে ঠিক এমনি এক ‘কান্নার আসর’ বসেছিল। আসরে উপস্থিত এমন কাউকে দেখা যায়নি যার চোখ জলে ভেজেনি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার চোখে পানি। প্রত্যেকেই যেন তাঁর স্বজন-হারানোর ব্যথায় কাতর।২ আগস্ট দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ঘসিয়াল গ্রামের পূর্ণিমা সমাদ্দার স্থানীয় চরের মাঠে পাটখেতে খুন হয়। পুলিশ পরদিন এ ঘটনায় চৌগাছি গ্রামের বালুকাটার শ্রমিক জিল্লুর রহমান (২৯), তাঁর চাচাতো ভাই ইউসুফ আলী (৩০) ও ঘসিয়াল গ্রামের আক্বাস হোসেনকে (২৮) গ্রেপ্তার করে। এঁরা পূর্ণিমাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। জিল্লুর ও ইউসুফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।পূর্ণিমা হত্যাকাণ্ডের পর শ্রীপুরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এমনকি গ্রামের নারীসমাজও আন্দোলনে নামে। ৯ আগস্ট শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতি মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ ও শোকসভার আয়োজন করে। এ সভায় উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষকসহ সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত হন।উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মীর আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ ও শোকসভায় সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক শওকত আলী, আবদুল কাদের লোহানী, বদরুজ্জামান মোল্লা, খন্দকার শফিকুল আযম, অভিভাবক গোরাচাঁদ সমাদ্দার প্রমুখ বক্তব্য দেন। সভার শুরুতে পূর্ণিমার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।প্রথমে স্কুলের প্রধান শিক্ষক জীবন মণ্ডল বক্তব্য দিতে গিয়ে এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েন যে তাঁর বক্তব্য শুনে সবার চোখে পানি এসে যায়। অনেকে নীরবে, আবার কেউ কেউ শব্দ করে কেঁদে ওঠেন। তিনি বলেন, ‘এমন ঘটনা এ অঞ্চলে এর আগে কখনো ঘটেনি। ঘটনার আকস্মিকতায় আমরা হতভম্ব, বাকরুদ্ধ। কী করব কিছুই বুঝতে পারছি না। আমাদের একটাই দাবি খুনিদের ফাঁসি।’ পূর্ণিমার বাবা মনোজিৎ সমাদ্দার মেয়ের মৃত্যুর শোকে কথা বলতে পারেননি, শুধু কেঁদেছেন। কাকা কেশব সমাদ্দার চোখ মুছতে মুছতে বলেন, ‘আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের আর কোনো চিন্তা নেই। পূর্ণিমার মতো আর যেন কারও এমন পরিণতি না হয়।’ সুনসান নীরবতা। এ সময় বক্তব্য দিতে আসে পূর্ণিমার সহপাঠী রমা বিশ্বাস। রমা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘পূর্ণিমা আমার ঘনিষ্ঠ বান্ধবী। ওকে ছাড়া কীভাবে ক্লাস করব? ওর মুখ সব সময় চোখের সামনে ভাসে। ভয় হয় আমারও যদি এমন হয়।’ আরেক সহপাঠী সুব্রতও পূর্ণিমার সঙ্গে নানা স্মৃতির কথা স্মরণ করে কাঁদছিল। ওই স্কুলের সহকারী শিক্ষক বিকাশ মাতুব্বরের হূদয়স্পর্শী ও প্রতিবাদী উপস্থাপনাও সবাইকে ব্যথার সাগরে ভাসিয়েছে।তাঁদের সবার দাবি, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। তাঁরা মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তর ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।এর আগে শিক্ষক প্রতিনিধিরা পূর্ণিমার বাড়িতে যান। তাঁরা শোকার্ত পরিবার-পরিজনকে সমবেদনা জানান। এ সময় পূর্ণিমার দাদা সূর্যকান্ত সমাদ্দার বলেন, ‘আমরা হারব না। যা হওয়ার তা তো হয়েছে। আমি দোষীদের ফাঁসি চাই।’ পূর্ণিমার মা অঞ্জনা সমাদ্দার এ সময় ছিলেন নির্বাক। তিনি শুধুই কেঁদেছেন।