শিক্ষক অভিভাবকদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট তানজিনা সুলতানা মাহিন। ব্লু বার্ড স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এবারই প্রথম গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ তার। এই বয়সেই সে বুঝে গেছে, কিছু একটা করতে পারবে জীবনে। মেয়ে সম্পর্কে কথাগুলো বলছিলেন মো. খায়রুল হাসান। তিনি বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা আরও হওয়া উচিত। কারণ, এতে গণিতের প্রতি আগ্রহ তৈরি হয় এবং ভীতিও চলে যায়।’‘গণিত অলিম্পিয়াড উপলক্ষেই ৪৫টি বই কেনা হয়েছে নাফিস তিহামীর। গণিত অলিম্পিয়াডে এ নিয়ে সাতবার অংশ নিয়েছে নাফিস।’ মা ম্যারিনা নাসরিন ছেলের গণিতের প্রতি ভালোবাসা ব্যাখ্যা করলেন এভাবেই। ‘এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য আরও দরকার। নেশা, ইভ টিজিংসহ অন্যান্য খারাপ কাজ থেকে দূরে রাখে তাদের।’ বললেন ম্যারিনা নাসরিন।অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন গণিত অলিম্পিয়াডে। অভিভাবকদের মতো তাঁরাও ছিলেন কিছুটা উদ্বিগ্ন। পাশাপাশি বসেছিলেন সানবিমস স্কুলের গণিতের শিক্ষক গুলশান আরা এবং তাঁর ছাত্রের অভিভাবক। গুলশান আরা গণিত অলিম্পিয়াড সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বললেন, ‘নতুন একটা দিগন্ত খুলে দিয়েছে। জিতুক আর না জিতুক, কিছু একটা তো শিখতে পারছে। এটাই সবচেয়ে বড় বিষয়।’ পাশে বসে থাকা অভিভাবক মাহবুবা নাসরিন বলেন, ‘সমাজের প্রতিভাবান তরুণেরা এর মাধ্যমে বের হয়ে আসবে। দুর্নীতি কমে যাবে অনেকাংশে। তবে গণিত অলিম্পিয়াডের প্রচার আরও বেশি করে হওয়া উচিত।’ গণিতের ব্যবহারিক দিক আছে বলে জানতেন না অনেকেই। গণিতের তত্ত্বগত দিকের বাইরেও যে ব্যবহারিক একটি দিক আছে, এটা গণিত অলিম্পিয়াডে এসে জেনেছেন বলে জানালেন গাইবান্ধার শিক্ষকদের পক্ষ থেকে আসা সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ প ম হাসান। বললেন, ‘শিক্ষার্থীদের গণিতের প্রতি ভীতি কাজ করে। এই প্রতিযোগিতার মাধ্যমে তা কেটে যায়।’সেজান আহমেদ। বর্তমানে পড়ছে এসএফএক্স গ্রিন হেরাল্ডের সপ্তম শ্রেণীতে। হেসে বললেন মা শারমীন ফারজানা, ‘সারা বছর ওরা অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। টেনশন না, ওরা অনেকটা আগ্রহ নিয়েই দিন গোনে।’ মা হিসেবে তিনি চান, সন্তানেরা যেন এ ধরনের প্রতিযোগিতায় বেশি করে যোগ দেয়।লাবিব মিনাল্লাহ। এমসি কলেজের শিক্ষার্থী। এর আগে চারবার পরীক্ষা দিয়েছে। মা শামীম আরা বললেন, ‘এই অলিম্পিয়াড ছেলের ভেতর ভালো কাজ করার পাশাপাশি বই পড়ার ক্ষেত্রেও আগ্রহ তৈরি করে দিয়েছে। গণিত নিয়ে যে উৎসব হতে পারে, এটা আসলে এখানে না এলে বোঝা যেত না। এই প্রতিযোগিতার পরিবেশ অন্য রকম হওয়ায় এর প্রতি শিক্ষার্থীদের অনুভূতিও ইতিবাচক।’ রয়া মুনতাসীর