সদ্যসমাপ্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) উত্তরপত্রে নতুন করে লেখার সুযোগ করে দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক আশরাফুল আলমকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ রোববার জেলার মুখ্য বিচারিক আদালতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাঁর তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।জানা গেছে, এসব উত্তরপত্রে নতুন করে লিখে দেওয়ার জন্য ১০০ শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের প্রত্যেকের কাছে পাঁচ-সাত হাজার টাকা নেওয়া হয়। এর আগেই গ্রেপ্তার করা হয় ওই শিক্ষককে। উত্তরপত্রগুলো সোনাহাট ডিগ্রি কলেজের শিক্ষক ও পরীক্ষক সুবল চন্দ্রের।এদিকে শিক্ষক আশরাফুল আলমের কাছ থেকে জব্দ করা ৮৮টি উত্তরপত্র পাওয়ার জন্য আজ দিনাজপুর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আদালতের মাধ্যমে আবেদন করা হলে আদালত এসব উত্তরপত্র বোর্ড কর্তৃপক্ষকে দেওয়ার আদেশ দিয়েছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি ও পরীক্ষক সুবল চন্দ্রকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। কিন্তু গত পাঁচ দিনেও তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।দিনাজপুর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক খ ম রফিকুল ইসলাম আজ রংপুরে মুখ্য বিচারিক আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এসব উত্তরপত্র অন্য কোনো পরীক্ষক দিয়ে দেখানোর জন্য আদালতের মাধ্যমে আবেদন করা হয়। এর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর অভিযুক্ত পরীক্ষক সুবল চন্দ্রের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে পাওয়া না গেলেও পুলিশের সহযোগিতায় তাঁর বাড়ি থেকে ২৬১টি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। তিনি ইতিমধ্যে ১০০ উত্তরপত্র জমা করেছেন বোর্ডে। বাকি উত্তরপত্র অন্য কোনো পরীক্ষককে দিয়ে দেখানোর ব্যবস্থা করা হবে বলে তিনি মন্তব্য করেন।পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, মামলার তদন্ত চলেছে। যত দ্রুত সম্ভব প্রধান আসামি শিক্ষক সুবল চন্দ্রকে গ্রেপ্তার করা হলেই মূল রহস্য উন্মোচিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, গত বুধবার রাতে গঙ্গাচড়া উপজেলায় বিনোদন কেন্দ্র ভিন্নজগতে প্রবেশের আগে ফটকের বাইরে একটি রেস্তোরাঁ থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজের শিক্ষক আশরাফুল আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর কাছে থাকা এ বছরের ইংরেজি দ্বিতীয় পত্রের ৮৮টি উত্তরপত্র উদ্ধার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।