শিক্ষক ও আবাসন সংকট প্রকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজে শিক্ষক ও আবাসন সংকটের কারণে শিক্ষার্থীরা সুষ্ঠু ও কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া শ্রেণীকক্ষের স্বল্পতা এবং পরিবহন সমস্যায়ও ভোগান্তি পোহাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চার একর জায়গার ওপর ১৯৩৯ সালে এ মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৫ সালে এটি সরকারিকরণ হলেও ১৯৫০ সালে তা আবার বাতিল হয়। পরে ১৯৮০ সালে কলেজটি আবার সরকারিকরণ হয়। ২০০৩-০৪ সেশনে বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলামের ইতিহাস ও সমাজকল্যাণ বিষয়ে অনার্স (সম্মান) কোর্স চালু হলেও এখনও ডিগ্রি কাঠামোর চারজন করে শিক্ষক দিয়েই সব শ্রেণীর কার্যক্রম চালানো হচ্ছে। চারজনের মধ্যে আবার ইংরেজি, দর্শন ও সমাজকল্যাণে একজন এবং ইসলামের ইতিহাসে দুজন শিক্ষকের পদ শূন্য।কলেজ সূত্রে জানা যায়, অনার্সের বিষয়গুলোতে সর্বনিম্ন সাতজন করে শিক্ষক থাকার বিধান থাকলেও এসব পদ আজও পূরণ হয়নি। ফলে অনেকটা বাধ্য হয়েই অতিথি শিক্ষক দিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। বর্তমানে ইংরেজি ও অর্থনীতিতে একজন এবং দর্শন ও ইসলামের ইতিহাসে দুজন অতিথি শিক্ষক আছেন। কলেজে বিএসসি (পাস) কোর্স চালু থাকা সত্ত্বেও এখনও এইচএসসি কাঠামোর দুজন করে শিক্ষক দিয়ে চলছে বিএসসির ক্লাস। শুরু থেকেই এখানে উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ চালু থাকায় বিএসসি ক্লাসের পাশাপাশি শিক্ষকদের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদেরও একাধারে ক্লাস নিতে হচ্ছে। কলেজে অনার্স কোর্স চালু হলেও এখনও মাস্টার্স কোর্স চালু হয়নি। কলেজে ভর্তি হওয়া অনার্স প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এ বছর ফাইনাল পরীক্ষা দেবেন। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা অনার্স পাস করে বের হলেও এ বিষয়ে মাস্টার্স করার সুযোগ সিলেট বিভাগের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেই। তাই তাঁরা দ্রুত কলেজে মাস্টার্স চালুর বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বর্তমানে কলেজটিতে পাঁচ হাজার ২৭৬ জন ছাত্রী অধ্যয়নরত। কলেজের অনার্সপড়ুয়া শিক্ষার্থী তানজিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষক সংকটে এখানে লেখাপড়াই হয় না। অনার্স চালুর এত বছর পরও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ না দেওয়ার বিষয়টি দুঃখজনক। এ ছাড়া যথাশিগগির মাস্টার্স চালু করা না হলে আমাদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলেজে চলমান শিক্ষকদের ৫১টি সৃষ্ট পদের বিপরীতে কর্মরত আছেন ৪৫ জন। প্রদর্শক পদের চারটি পদের বিপরীতে আছেন তিনজন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরর ২১টি পদের বিপরীতে ছয়টি পদ শূন্য রয়েছে। কলেজে লাইব্রেরিয়ান ও সহকারী লাইব্রেরিয়ানের পদ দুইটি দীর্ঘদিন ধরে শূন্য। ফলে একজন চতুর্থ শ্রেণীর নারী কর্মচারী ও কলেজের শরীরচর্চার শিক্ষককে দিয়ে লাইব্রেরির কার্যক্রম কোনোমতে চলছে। লোকবল সংকটের পাশাপাশি শ্রেণীকক্ষ ও আসবাবপত্রের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। ছাত্রীদের পরিবহনের জন্য ব্যবহূত হচ্ছে জরাজীর্ণ দুটি বাস। এগুলোয় মাত্র এক শর কিছু বেশি শিক্ষার্থী যাতায়াতের সুবিধা পেয়ে থাকে।কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক অরুণ চন্দ্র পাল বলেন, সিলেট শিক্ষাদীক্ষায় দিনদিন পিছিয়ে পড়ছে। তাই শিক্ষাক্ষেত্রে এ অঞ্চলের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের একটু বিশেষ নজর দেওয়া উচিত। আর পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে কলেজটির শিক্ষকসহ লোকবল সংকট মেটাতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে আন্তরিক হতে হবে। এ ছাড়া শ্রেণীকক্ষ সংকটও বড় একটি সমস্যা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ হোস্টেলে ৩৬০ সিটের ছাত্রীনিবাস রয়েছে। নির্দিষ্ট সংখ্যক এ সিটের বিপরীতে সাত শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন সেখানে। যেখানে চারজনের বেশি থাকা সম্ভব নয়, সেখানে ১০ জনকে ঠাসাঠাসি করে থাকতে হচ্ছে। হোস্টেলে সিট না পেয়ে ছাত্রীদের মেসে থেকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে সাঈদা জামান মনি নামে এক শিক্ষার্থী জানান, ‘হোস্টেলে সিট নেই। আবার মেস খুঁজেও পাইনি। তাই গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জেই থাকছি। শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দিই।’ কলেজের অধ্যক্ষ মো. নজরুল হক চৌধুরী বলেন, শিক্ষক ও আবাসন সংকটই মূলত কলেজের প্রধান সমস্যা। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া এবং ছাত্রীনিবাস গড়ে তোলা হলে কলেজটি নারীশিক্ষায় সুনাম অর্জন করবে। গত তিন বছর ধরে অসংখ্যবার সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ে সমস্যার সমাধান চেয়ে আবেদন করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।